আইন আদালত
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার ২৩ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের এ আদেশের ফলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে গত ১৮ নভেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
এর আগে গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সভা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। তবে ১৮ নভেম্বর অনুষ্ঠিত সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ৯ নভেম্বরের আগের সিদ্ধান্ত বাতিল করে সংস্থাটি।