সারাদেশ

বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা ও তার বাবা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম

বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা ও তার বাবা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক এক নেতা ও তার বাবাকে আসামি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, দুই রাজনৈতিক বলয়ের বিরোধের জেরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে ছাত্রলীগের নেতা এবং তার বাবা আলতাফ সরদারকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করে মামলায় ৫ ও ৬ নম্বর আসামি করা হয়েছে। তাদের বাড়ি ফতুল্লার রামারবাগ এলাকায়।

জানা যায়, গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর ফতুল্লার লালঁখা এলাকায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ২১ নভেম্বর রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেন। মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মেহেদী হাসান বলেন, ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বাধীন কমিটিতে তিনি সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

তিনি অভিযোগ করে বলেন, মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর তাদের দূর সম্পর্কের আত্মীয়। ফারুক মাতবর বিএনপির একটি বলয়ের রাজনীতি করেন, আর তারা অন্য একটি বলয়ের রাজনীতির সঙ্গে যুক্ত। এ বিরোধের কারণেই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

মেহেদী আরও বলেন, মামলার বাদী ফারুক মাতবরের সঙ্গে কথা হলে তিনি তাকে জানিয়েছেন, বিষয়টি ওপর থেকে এসেছে। তিনি শুধু বাদী হিসেবে মামলায় স্বাক্ষর করেছেন।

অভিযোগের বিষয়ে মামলার বাদী ফারুক মাতবর বলেন, এটি সাংগঠনিক বিষয়। মামলায় কার নাম কীভাবে এসেছে, তা তিনি বুঝতে পারেননি। দু-একটি নাম ভুলক্রমেও আসতে পারে। যারা মামলা দিয়েছেন, তারা হয়তো জানেন না যে ওই ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, মামলায় ছাত্রদলের কেউ আসামি হয়েছেন কি না, তা বাদী বলতে পারবেন। পুলিশ কারও দলীয় পরিচয় বিবেচনা করে না। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পরবর্তী তদন্তে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।