জাতীয়

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে কমতে পারে রাতের তাপমাত্রা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে কমতে পারে রাতের তাপমাত্রা
ছবি: সংগৃহীত

দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। এ সময় সারাদেশে বৃষ্টির সম্ভাবনা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বুধবার (২৫ নভেম্বর) থেকে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ কয়েক দিন সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।