শিক্ষা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নিতে বাধা নেই: আপিল বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণ ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের পথ আবারও উন্মুক্ত হলো।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের দেওয়া ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। সোমবার ওই আবেদনের শুনানি শেষে আদালত বেলা সাড়ে ১১টার দিকে আদেশ দেন।
এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি নিয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণ এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেন আদালত।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। এসব শিক্ষার্থীর পুনর্মূল্যায়নের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। আবেদনকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন-এমন আশঙ্কা থেকেই বিষয়টি আদালতের নজরে আনা হয়।
শিক্ষার্থীদের এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাইকোর্ট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে যেসব শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় রয়েছেন, তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার বিষয়টি সামনে আসে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে এ পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিলেও আপিল বিভাগের সর্বশেষ আদেশে সেই আইনি জটিলতা কেটে গেছে।
আপিল বিভাগের আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে। তবে পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়টি নিয়েও সংশ্লিষ্টদের নজর থাকবে।