সারাবিশ্ব
ইরানের হামলা ও শেয়ারবাজারে দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য বিজয়কে কেন্দ্র করে শেয়ারবাজারে দরপতন এবং ইরানের হামলা আরও জোরদার হওয়ার আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব ঘটনার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে তিনি অভিযোগ করেছেন, দলটির রাজনৈতিক অবস্থান যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তিনি দুটি পূর্বাভাস দিয়েছিলেন। তাঁর প্রথম পূর্বাভাস ছিল, নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন ঘটবে। ট্রাম্পের দাবি, ইতিমধ্যে শেয়ারবাজারের পতনের মধ্য দিয়ে তাঁর সেই পূর্বাভাস সত্য প্রমাণিত হয়েছে।
দ্বিতীয় পূর্বাভাসের বিষয়ে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে ইরানের ইসলামি প্রজাতন্ত্র আরও আগ্রাসী হয়ে উঠবে এবং হামলার মাত্রা বাড়াবে। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে ইরানের হামলার তীব্রতা বেড়েছে। গত এক সপ্তাহে দেশটি আগের যেকোনো এক বছরের সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর ও যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক শক্তি হিসেবে বিবেচনা করেন। তবে যুক্তরাষ্ট্রকে এমন পরিস্থিতির দিকে যেতে দেবেন না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া তেলের বাজার নিয়েও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ট্রাম্প। তাঁর দাবি, তেলের দাম চড়া রাখতে ডেমোক্র্যাট ও ইরান সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে বলে দাবি করেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি ও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।