জাতীয়

পাকিস্তানের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

পাকিস্তানের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হন তিনি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সরকারি এ সফরে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় কার্যক্রম, পারস্পরিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। সফরের মধ্য দিয়ে দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।