জাতীয়

যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় আধুনিক পরিবহনব্যবস্থা গড়তে চায় সরকার: প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় আধুনিক পরিবহনব্যবস্থা গড়তে চায় সরকার: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, মানুষের যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে পরিবহন খাতে আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সময়ে পরিবহন কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের মাধ্যম নয়; বরং এটি মানুষের নিরাপত্তা, সময়, স্বাচ্ছন্দ্য এবং সামগ্রিক জীবনযাত্রার মানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এমন একটি পরিবহনব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে মানুষ কম সময়ে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবহন খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলতে চায় সরকার।

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং দ্রুত নগরায়ণের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পরিবহনব্যবস্থাকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকার যানজট নিরসন, গণপরিবহনের সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন পরিবহনব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা এখন অত্যন্ত জরুরি। এসব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে যাতায়াত আরও সহজ হবে, মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে এবং দৈনন্দিন ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

সড়ক নিরাপত্তাকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের প্রতিটি সড়ককে নিরাপদ করে তোলা এবং প্রত্যেক যাত্রীর নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তবে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে পরিবহন মালিক, চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমেই সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনা সম্ভব।

পরিবহন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করলে এ খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও সহযোগিতা দেবে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তিগত সক্ষমতা, বিনিয়োগ এবং উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসতে পারে।

তিনি আরও বলেন, দেশের পরিবহন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সরকার আগ্রহী। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি আধুনিক, সমন্বিত, নিরাপদ ও জনবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।