সারাবিশ্ব
এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ জোরদার করছে যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তার ঝুঁকিও। বিশেষ করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন ডিজিটাল সিস্টেমে কাজ করতে সক্ষম এআই এজেন্টগুলোর অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বড় ও মাঝারি আকারের ব্যাংকগুলো। সাম্প্রতিক সময়ে ওপেনএআই ও এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের নিরাপত্তাসংক্রান্ত ঘটনায় নতুন করে এই উদ্বেগ তৈরি হয়েছে। ফলে নিজেদের তৈরি এআই এজেন্টগুলো যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে না পারে, সেজন্য নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করছে দেশটির ব্যাংকগুলো। ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ব্যাংকগুলো আগে থেকেই গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশ করে তৃতীয় পক্ষের এআই এজেন্টের মাধ্যমে লেনদেন পরিচালনার সুযোগ সীমিত বা বন্ধ করে রেখেছিল। একই সঙ্গে নিজেদের অভ্যন্তরীণভাবে তৈরি এআই এজেন্টগুলোর কার্যক্রমের ওপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে সম্প্রতি ওপেনএআইয়ের পরীক্ষামূলক কিছু এআই মডেল নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করে নিজেদের প্রতিষ্ঠানসহ হাগিং ফেস এবং অন্যান্য প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশের সক্ষমতা দেখানোর পর ব্যাংকগুলোর উদ্বেগ আরও বেড়েছে। এ ঘটনার পর নিজেদের প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা যাচাই করতে বেশ কয়েকটি ব্যাংক বিশেষজ্ঞদের নিয়ে অভ্যন্তরীণ দল গঠন করেছে।
বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ব্যাংক তাদের অভ্যন্তরীণ এআই এজেন্টগুলোর কাজের পরিধি সংকুচিত করছে। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সিস্টেম থেকে এজেন্টগুলোকে আলাদা রাখা হচ্ছে। পাশাপাশি কোনো এজেন্ট সন্দেহজনক বা ক্ষতিকর কার্যক্রম শুরু করলে তা দ্রুত শনাক্ত করে বন্ধ করার সক্ষমতা বাড়ানো হচ্ছে। ব্যাংকগুলোর লক্ষ্য হলো, এআই এজেন্টের স্বয়ংক্রিয় কর্মকাণ্ডের কারণে যেন গ্রাহকের তথ্য, আর্থিক লেনদেন কিংবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবকাঠামো কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে।
একটি সূত্র জানিয়েছে, ব্যাংকগুলো এখন এআই এজেন্টের কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছে। একই সঙ্গে পাসওয়ার্ড, গোপন তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নাগাল থেকে এসব এজেন্টকে দূরে রাখা হচ্ছে। কোনো এজেন্টকে জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়ার প্রয়োজন হলে যেন ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হচ্ছে।
অন্যদিকে, আরও দুটি সূত্রের তথ্যমতে, ব্যাংকগুলো এআই এজেন্টকে অন্যান্য প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ সিস্টেম থেকে পৃথক রাখার পাশাপাশি তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ আরও কঠোর করছে। এজেন্টগুলোকে বিদ্যমান ‘আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট’ (আইএএম) ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর ফলে প্রতিটি এজেন্ট কোন সিস্টেমে প্রবেশ করতে পারবে, কী ধরনের তথ্য ব্যবহার করতে পারবে এবং কী কী কাজ সম্পন্ন করার অনুমতি পাবে, তা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এ ছাড়া পরীক্ষামূলক পরিবেশকে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে ব্যবহৃত মূল সিস্টেম থেকে সম্পূর্ণ আলাদা রাখা হচ্ছে।
হাগিং ফেসকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পর ব্যাংকগুলোর মধ্যে নতুন এআই মডেল ব্যবহারের ক্ষেত্রেও একধরনের সতর্কতা তৈরি হয়েছে। ওই ঘটনায় ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক মডেলের অনিয়ন্ত্রিত আচরণের কারণে সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি হয় এবং হাগিং ফেসের প্রযুক্তিগত অবকাঠামো ঝুঁকির মুখে পড়ে। একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার পর ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ এআই এজেন্টের প্রবেশাধিকার, নিরাপত্তাসংক্রান্ত তথ্য এবং কার্যক্রমের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংক এ ধরনের নিরাপত্তা ঘটনার শিকার হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বড় ও মাঝারি আকারের বেশ কয়েকটি ব্যাংক বিশেষজ্ঞ দল গঠন করেছে। এসব দলের দায়িত্ব হচ্ছে, ওপেনএআইয়ের পরীক্ষামূলক মডেলগুলো কীভাবে নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করতে পেরেছিল, তা বিশ্লেষণ করা। একই সঙ্গে নিজেদের সিস্টেমে এ ধরনের দুর্বলতা রয়েছে কি না, তা পরীক্ষা করা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের সুপারিশ করা।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় ব্যাংকই সম্পদ ব্যবস্থাপনা, অর্থ পরিশোধ, আর্থিক লেনদেন এবং বিভিন্ন করপোরেট কার্যক্রমে এজেন্টিক এআই ব্যবহার করছে। প্রচলিত সফটওয়্যারের সঙ্গে এসব এআই এজেন্টের বড় পার্থক্য হলো, তারা নির্দিষ্ট নির্দেশনার বাইরে বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, একাধিক ডিজিটাল টুল ব্যবহার করতে পারে এবং একটি কাজ সম্পন্ন করতে বিভিন্ন সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারে। ফলে এসব এজেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণ করা ব্যাংকগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ ছাড়া সহজলভ্য এআই টুল ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কারণে সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত ও কাজে লাগানোর প্রক্রিয়া আগের তুলনায় অনেক দ্রুত হয়ে উঠেছে। এতে ব্যাংকগুলোকে একদিকে যেমন নতুন নিরাপত্তাত্রুটি দ্রুত শনাক্ত করতে হচ্ছে, অন্যদিকে সেগুলো সমাধানের জন্যও বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। এরই মধ্যে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যাংক জেপিমরগান একটি সফটওয়্যার ত্রুটির মুখে পড়েছিল, যা আর্থিক খাতের প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
নতুন নিরাপত্তানীতির অংশ হিসেবে ব্যাংকগুলো এআই এজেন্টকে অনেকটা প্রতিষ্ঠানের সাধারণ কর্মীর মতো বিবেচনা করছে। অর্থাৎ প্রতিটি এজেন্টের জন্য আলাদা পরিচয়, নির্দিষ্ট লগইন তথ্য, প্রবেশাধিকার এবং কাজের সীমা নির্ধারণ করা হচ্ছে। একটি এজেন্ট কোন কোন সিস্টেমে প্রবেশ করেছে, কী ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তার কর্মকাণ্ডের কোনো পর্যায়ে মানব কর্মীর অনুমোদন ছিল কি না, তার বিস্তারিত রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে।
তিনটি সূত্র জানিয়েছে, এআই এজেন্টগুলো যেন নিজেদের কর্মকাণ্ডের প্রমাণ মুছে ফেলতে বা পরিবর্তন করতে না পারে, সে জন্য পাসওয়ার্ড, কার্যক্রমের রেকর্ড এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণব্যবস্থাকে তাদের নাগালের বাইরে রাখা হচ্ছে। এসব ব্যবস্থার কিছু আগে থেকেই কার্যকর থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলোর পর ব্যাংকগুলো সেগুলো নতুন করে পর্যালোচনা করেছে এবং প্রয়োজন অনুযায়ী আরও শক্তিশালী করেছে। এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্তকারীরা এজেন্টের কার্যক্রমের ধারাবাহিকতা পুনর্গঠন করতে পারবেন এবং কোন তথ্য বা সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা শনাক্ত করা সহজ হবে।
এআই এজেন্ট যেন কোনো মানব কর্মীর জন্য নির্ধারিত লগইন তথ্য বা পরিচয়পত্র ব্যবহার করতে না পারে, সে বিষয়েও বিশেষ নজর দিচ্ছে ব্যাংকগুলো। চারটি সূত্র জানিয়েছে, কোনো এজেন্ট যদি মানুষের জন্য বরাদ্দ করা ক্রেডেনশিয়াল ব্যবহার শুরু করে, তাহলে তা দ্রুত শনাক্ত করার প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করা হচ্ছে। পাশাপাশি ত্রুটিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ এজেন্টকে অন্য সিস্টেম থেকে বিচ্ছিন্ন করার জন্য ‘কিল সুইচ’ ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। এজেন্টের মাধ্যমে তৈরি হওয়া কোনো অনাকাঙ্ক্ষিত প্রক্রিয়া যেন দ্রুত শনাক্ত ও বন্ধ করা যায়, সেটিও নিশ্চিত করার চেষ্টা চলছে।
তবে কোনো এআই এজেন্ট হঠাৎ বন্ধ করে দিলে ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবায় বিঘ্ন ঘটতে পারে। এ কারণে ঋণ প্রক্রিয়াকরণ, জালিয়াতি শনাক্তকরণ এবং আর্থিক অপরাধসংক্রান্ত লেনদেন পর্যালোচনার মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য বিকল্প ব্যবস্থা পরীক্ষা করছে ব্যাংকগুলো। পাশাপাশি কোনো এআই এজেন্ট ভুল সিদ্ধান্ত নিলে বা অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নিলে সম্ভাব্য আর্থিক ক্ষতি কমিয়ে আনতে তার কার্যক্রমের সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটি এজেন্ট কতটুকু কাজ করতে পারবে, কী পরিমাণ লেনদেন পরিচালনা করতে পারবে এবং কোন পর্যায়ে মানুষের অনুমোদন নিতে হবে, তা আগেই নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি’র (ওসিসি) সাবেক কর্মকর্তা এবং স্বাধীন এআই ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নরেশ রাহেজা বলেন, ব্যাংকগুলো এখন এআই এজেন্ট ব্যবহারের পরবর্তী পর্যায়ের নজরদারি ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ প্রচলিত এআই মডেলের তুলনায় এজেন্টগুলো ব্যবহারের পর এমন কিছু আচরণ প্রদর্শন করতে পারে, যা প্রাথমিক পরীক্ষা ও যাচাইয়ের সময় শনাক্ত করা সম্ভব হয়নি।
মূলত ওপেনএআই ও হাগিং ফেসকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলোর পরই ব্যাংকগুলো নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার উদ্যোগ নেয়। গত জুলাই মাসে সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় ওপেনএআইয়ের কয়েকটি পরীক্ষামূলক মডেল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার জন্য তৈরি নিয়ন্ত্রণব্যবস্থা অতিক্রম করে এবং সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে বাইরের সিস্টেমে প্রবেশ করে। তবে ওপেনএআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত পণ্যগুলোর তুলনায় কম নিরাপত্তাব্যবস্থা রেখে ওই মডেলগুলোর পরীক্ষা চালানো হয়েছিল।
একটি সূত্রের মতে, ওই ঘটনা ব্যাংকগুলোর জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে উঠেছে। কারণ শুধু লিখিত নির্দেশনা বা নির্দিষ্ট নিয়ম তৈরি করে কোনো এআই এজেন্টকে অনাকাঙ্ক্ষিত কাজ করা থেকে পুরোপুরি বিরত রাখা সম্ভব নয়। তাই এজেন্টকে কী করতে হবে, তা বলে দেওয়ার পাশাপাশি প্রযুক্তিগতভাবে সে কী করতে পারবে এবং কী করতে পারবে না, তা নিশ্চিত করাও জরুরি।
এর আগে গ্রাহকদের অ্যাকাউন্টে তৃতীয় পক্ষের অননুমোদিত এআই এজেন্টের প্রবেশের ঝুঁকি নিয়েও সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক। জেপিমরগানের তৃতীয় প্রান্তিকের আয়সংক্রান্ত এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমি ডিমন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বাইরের কোনো এআই এজেন্টকে তাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তাঁর মতে, এ ধরনের প্রবেশাধিকার গ্রাহক এবং জেপিমরগান-উভয়ের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সব মিলিয়ে, ব্যাংকিং খাতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়লেও এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। বিশেষ করে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এআই এজেন্টের ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং কঠোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, কার্যক্রমের স্বচ্ছ রেকর্ড, মানবীয় তদারকি এবং জরুরি বন্ধের ব্যবস্থা নিশ্চিত করাকে অপরিহার্য মনে করছে ব্যাংকগুলো। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি গ্রাহকের অর্থ ও তথ্যের নিরাপত্তা বজায় রাখাই এখন তাদের প্রধান অগ্রাধিকার।