জাতীয়
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের কারণে সৃষ্ট পরিস্থিতি থেকে কীভাবে দেশকে উত্তরণ করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তার নিজের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, যেকোনো ধরনের রাজনৈতিক ঐক্য কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে এনসিপি।
তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ যেন কেবল সাময়িক রাজনৈতিক সমঝোতায় সীমাবদ্ধ না থাকে; বরং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, প্রয়োজনীয় সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই সেই ঐক্য কার্যকর রূপ পেতে হবে।