জাতীয়

এসএসসিতে মেধার স্বীকৃতি, ১১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

এসএসসিতে মেধার স্বীকৃতি, ১১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহার দিতে যাচ্ছে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটি থেকে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সেরা ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে ল্যাপটপ দেওয়া হবে। পাশাপাশি বোর্ডভিত্তিক মেধাতালিকায় ১০০তম স্থান অধিকারী শিক্ষার্থীর সমান নম্বর পাওয়া অন্য শিক্ষার্থীদের জন্য আরও ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। সব মিলিয়ে এ কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০টি ল্যাপটপ বিতরণের পরিকল্পনা রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের সব শিক্ষা বোর্ডের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ল্যাপটপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের প্রতিটিতে ১০০ জন শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে বিভাগভিত্তিক নির্দিষ্ট অনুপাত অনুসরণ করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ জন, মানবিক বিভাগ থেকে ৩০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে ল্যাপটপের জন্য মেধাবীদের নির্বাচন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে দাখিল পরীক্ষার বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার শিক্ষার্থীদের অনুপাত বিবেচনায় নিয়ে তালিকা তৈরি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় এ বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। কর্মসূচিটি পরিচালনায় সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, ল্যাপটপ বিতরণ কর্মসূচির জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। ফলে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক অনুমোদনের বিষয়টিও সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকারের এ উদ্যোগ পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে শুধু এসএসসি পর্যায়েই নয়, উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের কৃতী শিক্ষার্থীদেরও এ ধরনের প্রণোদনার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মেধাবী শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার এ উদ্যোগ তাদের পড়াশোনা, তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে সহায়ক হতে পারে। পাশাপাশি ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে এ ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।