সোশ্যাল মিডিয়া
শেখ হাসিনা বেঁচে আছেন কি না কনফিউজড ছিলাম: জুলকারনাইন সায়ের
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার আগ্রহ নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। শেখ হাসিনা জীবিত আছেন কি না, তা নিয়েই এতদিন বিভ্রান্তিতে ছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কটাক্ষ করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘ফ্র্যাংকলি, এতদিন আমি নিজেও বেশ কনফিউজড ছিলাম। হাসিনা কি বেঁচে আছেন, নাকি ঘাড়ধাক্কা খেয়ে গদি থেকে পড়ে, তারপর লাথি খেয়ে দেশছাড়া হওয়ার শোক সইতে না পেরে পরলোকে পাড়ি জমিয়েছেন?’
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও ব্যঙ্গ করেন এই সাংবাদিক। তিনি লেখেন, দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা হয়তো সীমান্তে টানেল খননের সম্ভাবনা যাচাই করছেন। আর বিকল্প পরিকল্পনা হিসেবে বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে চড়ে দেশে ফেরার চিন্তা করছেন।
পোস্টে জুলকারনাইন সায়ের দাবি করেন, শেখ হাসিনার ঘনিষ্ঠজনেরা তাঁকে এমন একটি পরিস্থিতির মধ্যে রেখেছেন, যেখানে তিনি এখনো নিজেকে বাংলাদেশের ক্ষমতাসীন ব্যক্তি হিসেবে বিবেচনা করছেন। এ প্রসঙ্গে তিনি শেখ সেলিম, শেখ হেলাল, তন্ময়, নিক্সন, লিটন, শেখ মারুফ, তাপস ও পরশসহ কয়েকজনের নাম উল্লেখ করেন। পাশাপাশি নানক, নাসিম, ওবায়দুল কাদের, সম্রাট ও জাহাঙ্গীরের প্রসঙ্গও তুলে ধরেন।
তিনি আরও দাবি করেন, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে শেখ হাসিনাকে যুক্ত রেখে দেশে বিপুলসংখ্যক নেতাকর্মী প্রস্তুত থাকার কথা জানানো হচ্ছে। এমনকি চট্টগ্রাম নিয়ন্ত্রণে নেওয়া কিংবা বিমানবন্দর দখলের মতো বিভিন্ন পরিকল্পনার কথাও তাঁর সামনে উপস্থাপন করা হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন জুলকারনাইন। তবে এসব দাবি ও পরিকল্পনার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
জুলকারনাইন সায়েরের ভাষ্য অনুযায়ী, ঘনিষ্ঠজনদের কাছ থেকে এ ধরনের বার্তা ও আশ্বাস পেয়ে শেখ হাসিনা দেশে ফেরার স্বপ্ন দেখছেন। তাঁর বর্তমান রাজনৈতিক যোগাযোগ ও পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন এই সাংবাদিক।
পোস্টের শেষাংশে জুলকারনাইন সায়ের লেখেন, ১৬ ডিসেম্বর বিমানে করে দেশে ফেরার কথা জানিয়ে শেখ হাসিনা একদিক থেকে ভালোই করেছেন। তবে কেন তিনি এমন মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা আগামী ১৭ ডিসেম্বর দেবেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের মাধ্যমে যেন তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা হয়। প্রতিবেদনে তাঁর দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে আগামী ১৬ ডিসেম্বরের কথা উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। সে কারণে দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রেও বাংলাদেশ সরকারের কাছে একই ধরনের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পোস্টে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।