জাতীয়

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের জন্য আনা বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক দিক নিজে চালিয়ে পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ের নিচে বিভিন্ন ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। এ সময় বাইসাইকেলগুলোর গুণগত মান, চালানোর সুবিধা এবং ব্যবহারিক দিক পরখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। সেগুলোর মান ও ব্যবহারিক উপযোগিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নিজেই বাইসাইকেলগুলো চালিয়ে দেখেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত মোট তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে একটি করে বাইসাইকেল বিতরণ করা হবে। এর মাধ্যমে মেধাবী ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষাজীবনে যাতায়াতের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে দূরবর্তী এলাকার ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ ও ঝরে পড়া রোধেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।