বিনোদন
বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি, ভেঙে যাচ্ছে তৃতীয় সংসার
তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই গায়িকা। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের বিষয়টি জানান তিনি।
পোস্টে ন্যান্সি লিখেছেন, মেহেদী ও তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে যাত্রাটি একসময় তাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরের পর বছর স্মৃতি ও অভিজ্ঞতার পর তারা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিচ্ছেদের খবর জানিয়ে ন্যান্সি আরও লিখেছেন, যারা তাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের কাছে এই সময়ে আন্তরিকভাবে অনুরোধ করছেন, যেন তারা সিদ্ধান্তটি বুঝে সম্মান করেন এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখেন।
জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদী ন্যান্সি। তিনি বলেন, জীবন নিজের মতো করে এগিয়ে যায়। শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারবেন বলে আশা করছেন তিনি। সব সময় পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানান এই গায়িকা।
ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম রোদেলা।
এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। দ্বিতীয় সংসারেও ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম নায়লা।
দ্বিতীয় বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।