রাজধানী
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
মুনতারিন ফেরদৌস ডরিন আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হওয়ার পর। পরবর্তী সময়ে বাবার হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। বাবার হত্যার বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।
ডিবি সূত্র জানায়, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক সি।
তবে কোন মামলায় ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঠিক কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।