রাজধানী

বিজয়ের মাসে দেশ পাহারায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব: ইশরাক হোসেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

বিজয়ের মাসে দেশ পাহারায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব: ইশরাক হোসেন
ছবি: সংগৃহীত

বিজয়ের মাসে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পাহারা দিতে হবে। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ইশরাক হোসেন। মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, দলটির মধ্যে এখনো কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। জুলাইয়ে মানুষ হত্যার পরও তাদের থামার লক্ষণ নেই; বরং তারা আরও মানুষ হত্যা করতে চায়। ৫ আগস্টের পর ধারণা করা হয়েছিল, পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তাদের রাজনৈতিক অপতৎপরতা পুরোপুরি বন্ধ না হলে বাংলাদেশ প্রকৃত অর্থে মুক্তি পাবে না।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধকালীন পরিস্থিতিতেও হাসপাতাল ও চিকিৎসাসেবাকেন্দ্রে হামলা নিষিদ্ধ। অথচ হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে হামলার ঘটনা ঘটেছে, যা মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনবিধির পরিপন্থী।

ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ভারত একজন আন্তর্জাতিক সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে। ভারতে অবস্থান করে শেখ হাসিনা ১৬ তারিখে বাংলাদেশে ফেরার কথা বলছেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি পরাধীন ও দাস রাষ্ট্রে পরিণত করেছিলেন। তবে বর্তমান অবস্থানে আসার পেছনে রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের ভূমিকা রয়েছে। এ বিষয়টি ভুলে গেলে চলবে না। এ জন্য অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

ডিসেম্বর মাসজুড়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে এই সংসদ সদস্য বলেন, পুরো মাসজুড়েই বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাজপথে সর্বাত্মক অবস্থান নিয়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে নেওয়ার দাবিও জানান তিনি।

মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মুক্তিযুদ্ধের গায়ে কলঙ্ক লেপন করেছেন। মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি ছিল না। এটি বাংলাদেশের মানুষের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার ইতিহাস। তাই মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে কোনো দলীয় স্বার্থে ব্যবহার করা উচিত নয়।

বিক্ষোভ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।