সারাবিশ্ব
নেতানিয়াহুকে হটাতে নতুন সমীকরণ, লিবারম্যানের সঙ্গে জোটে আইজেনকোট
ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ জোটসঙ্গী পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনে সমঝোতায় পৌঁছেছে। দলটির প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে এই সমঝোতার মধ্য দিয়ে সরকার গঠনের পথে এক ধাপ এগিয়েছেন আইজেনকোট। তবে পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এখনো আরও কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিশ্চিত করতে হবে তাকে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সঙ্গেও জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছে। ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে নতুন মেরুকরণ ও সমীকরণ তৈরি হয়েছে। একদিকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠনের চেষ্টা চলছে, অন্যদিকে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। বৈঠক শেষে দুই নেতা জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেন। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক জোটসংক্রান্ত সমঝোতা।
নির্বাচনে কোনো রাজনৈতিক দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। ফলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়। এমন পরিস্থিতিতে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় দেশটির পার্লামেন্ট। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান। তবে বিরোধী দলগুলোর পক্ষেও সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন একত্র করা সম্ভব হয়নি।
এ অবস্থায় দেশটির সব রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন সরকার গঠনের দায়িত্ব গাদি আইজেনকোটের হাতে তুলে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। অন্যদিকে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা চূড়ান্ত করতে না পারলে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যেও আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে কোনো পক্ষই সরকার গঠনে সক্ষম না হওয়ায় আগামী বছর দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছিল। কিন্তু ভালো ফল করেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি তাদের জোট। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে বর্তমানে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৫৩।
অন্যদিকে, মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি এবং আভিগদর লিবারম্যানের দলের সম্মিলিত আসনসংখ্যা ২৮। এর বাইরে সম্ভাব্য অন্যান্য বিরোধী জোটসঙ্গীদের সমর্থন নিয়েও আলোচনা চলছে। সরকার গঠনের জন্য আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে আইজেনকোটের। এসব দলের হাতে রয়েছে মোট ১৯টি আসন। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রশ্নে এসব দলের সঙ্গে আইজেনকোটের রাজনৈতিক অবস্থানের মিল রয়েছে।
নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ২১টি আসন পেয়েছে। অন্যদিকে, লিবারম্যানের ইসরায়েল আওয়ার হোম পেয়েছে সাতটি আসন। দুই দলের এই জোট গঠনের সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে কিছুটা বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। কারণ, অতীতে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন লিবারম্যান। একইভাবে নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়েও তার আপত্তি ছিল। এর আগে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তার প্রধান রাজনৈতিক লক্ষ্য হচ্ছে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।
এদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন পরিবর্তনপন্থি জোটের কয়েকটি শরিক দল এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়েও আলোচনা চলছে। তবে এই উদ্যোগ বিরোধী শিবিরের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি করেছে। বিশেষ করে নেতানিয়াহুর দলকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা সামনে আসায় বিরোধী জোটের কয়েকটি দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এরই মধ্যে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, আইজেনকোটের সঙ্গে আপাতত রাজনৈতিক আলোচনা স্থগিত করেছে তারা। লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আইজেনকোটের আলোচনা এগিয়ে যাওয়া এবং পরিবর্তনপন্থি সরকার গঠনের উদ্যোগে অচলাবস্থা তৈরি হওয়ায় দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনে ডেমোক্র্যাটস পার্টি আটটি আসন পেয়েছে। দলটির প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, তারা নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে। ফলে ইসরায়েলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে আইজেনকোটের সামনে একদিকে যেমন জোটের সমর্থন বাড়ানোর চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে বিরোধী শিবিরের অভ্যন্তরীণ মতপার্থক্যও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত লিবারম্যানসহ অন্যান্য দলকে নিয়ে তিনি সরকার গঠন করতে পারবেন, নাকি রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নতুন নির্বাচনের পথে হাঁটতে হবে-এখন সেটিই ইসরায়েলের রাজনীতির বড় প্রশ্ন।