সারাদেশ
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা, রাতভর অভিযানে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ ও তাদের সহযোগী সামাদসহ চারজন রয়েছেন। পুলিশের দাবি, ডেভিড পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার পায়ে গুলি লাগে।
এ ছাড়া এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান।
তিনি বলেন, পুলিশ ও এসআরবির দল যৌথভাবে অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, কনস্টেবল হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)।
আনোয়ার ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।