আইন আদালত

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ বিষয়ে সহযোগিতা চেয়ে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ওই সময়ের পর যারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন এবং যাদের আশ্রয় ও সহযোগিতায় কেউ দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছেন, তাদের প্রচলিত দণ্ডবিধির আওতায় বিচারের সুযোগ রয়েছে।

জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি তদন্তকাজে সহযোগিতার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনকে গুমের ঘটনায় তদন্ত দ্রুত শেষ করা হবে বলেও জানিয়েছেন মো. আমিনুল ইসলাম।