বিনোদন

দর্শকদের ভোটেও শেষ রক্ষা হলো না, মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম

দর্শকদের ভোটেও শেষ রক্ষা হলো না, মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি
ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে এবারের আসরে তার প্রতিযোগিতার যাত্রা শেষ হয়েছে। প্রত্যাশা নিয়ে বিশ্বমঞ্চে অংশ নিলেও চূড়ান্ত বাছাইয়ে জায়গা হয়নি বাংলাদেশের এই প্রতিযোগীর।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্সের জমকালো চূড়ান্ত পর্ব। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

এবারের আয়োজনে দর্শকদের ভোটে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়েছিল একজন প্রতিযোগীর জন্য। দর্শকদের ভোটে চূড়ান্ত পর্ব শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি।

দর্শকদের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম। অন্যদিকে দর্শকদের ভোট, সাক্ষাৎকার এবং প্রাথমিক পর্বে প্রতিযোগীদের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে বাকি ২৯ জনকে নির্বাচিত করা হয়।

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ যারা

এবারের আসরের সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার প্রতিনিধিরা।

সেরা ৩০ থেকে পরবর্তী ধাপে সাঁতারের পোশাক পর্বের মাধ্যমে বাছাই করা হবে সেরা ১২ প্রতিযোগীকে। এরপর সন্ধ্যার পোশাক পর্ব ও প্রশ্নোত্তর পর্বে প্রতিযোগীদের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারণ করা হবে এবারের আসরের চূড়ান্ত বিজয়ী।

সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর এগোনোর সুযোগ থাকছে না সামিরা খান মাহির। ফলে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের তার যাত্রা শেষ হলো সেরা ৩০-এর আগেই।