বিনোদন
শাহরুখের সঙ্গে অনন্ত আম্বানির অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক, আসলে কী ঘটেছিল?
ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে বলিউড তারকা শাহরুখ খান ও আধ্যাত্মিক গুরু সদগুরুর কথোপকথনের মধ্যে হাজির হন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। এ সময় শাহরুখের সঙ্গে অনন্তের কথোপকথনের একটি মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।
অনুষ্ঠানটিতে চলচ্চিত্র, ক্রীড়া, ব্যবসা ও আধ্যাত্মিক জগতের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন শাহরুখ খান, রণবীর সিং, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, অনন্ত আম্বানি ও সদগুরু।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সদগুরুর সঙ্গে আলিঙ্গনের পর তার হাত ধরে কথা বলছিলেন শাহরুখ। একপর্যায়ে তাকে করজোড়ে সম্মান জানাতেও দেখা যায়। এ সময় সদগুরুর কাছে এগিয়ে আসেন অনন্ত আম্বানি। তাকে দেখে হাসিমুখে কথা শুরু করেন শাহরুখ। অনন্তকেও হাসিমুখে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। কথোপকথনের একপর্যায়ে হাত তুলে একটি অঙ্গভঙ্গি করেন অনন্ত।
ভিডিওর ওই অংশ ছড়িয়ে পড়ার পর অনন্তের অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি, শাহরুখের সঙ্গে কথা বলার সময় এভাবে হাত তুলে ইশারা করা অনুচিত। কেউ কেউ বিষয়টিকে শাহরুখকে থামার সংকেত হিসেবেও ব্যাখ্যা করছেন। তাদের মতে, এমন অঙ্গভঙ্গি বলিউড তারকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও রয়েছে। অনেকের মতে, শাহরুখ ও অনন্তের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। ফলে অনন্তের ওই অঙ্গভঙ্গি স্বাভাবিক কথোপকথনের অংশও হতে পারে। ভিডিওতে দুজনকেই হাসিমুখে কথা বলতে দেখা যাওয়ায় ঘটনাটিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই বলেও মনে করছেন অনেকে।
এদিকে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও এখন পর্যন্ত শাহরুখ খান কিংবা অনন্ত আম্বানির কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।