সারাবিশ্ব
গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ সীমান্তে নিখোঁজ বিএসএফ সদস্য
ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নিখোঁজ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। নদীর স্রোতে ভেসে যাওয়া ওই সদস্যকে উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে সন্দেহভাজন গরু পাচারকারীদের আটক করতে নদীতে নামার পর নিখোঁজ হন বিএসএফের কনস্টেবল কে ভেনু। এ সময় তার সঙ্গে নদীতে নামা আরেক সদস্য তীরে ফিরে আসতে সক্ষম হলেও ভেনুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আসামের কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির কাছে এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা ওই এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর গতিবিধি দেখতে পান।
পরে তাদের আটক করতে দায়িত্ব দেওয়া হয় বিএসএফের দুই সদস্য হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনুকে। বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা বরাক নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ রয়েছে। এরপর তাদের আটক করতে ওই দুই বিএসএফ সদস্যও নদীতে নামেন।
একপর্যায়ে জিতেন্দ্র যাদব নদীর তীরে ফিরে আসতে সক্ষম হলেও স্রোতে ভেসে যান কে ভেনু। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ কে ভেনুর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি দল। তারা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও এ অভিযানে অংশ নিয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি