সারাদেশ
দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন এলাকা
দেশের বিভিন্ন স্থানে মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে অনুভূত এসব কম্পনে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র দুই মিনিট পর সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় আবারও কম্পন অনুভূত হয়।
প্রাথমিক তথ্যমতে, প্রথম দফার ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
পরপর দুই দফা ভূমিকম্পে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।