বিনোদন

দুই নারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিনেত্রী তানজিন তিশা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

দুই নারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিনেত্রী তানজিন তিশা
ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। অভিযুক্তরা হলেন সানায়্যা আনাম ওয়াফিকাহ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তানজিন তিশা।

আদালতের বিচারক জশিতা ইসলামের আদালতে দায়ের করা মামলাটির অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন বক্তব্য ও ভিডিওর মাধ্যমে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য এবং মিথ্যা তথ্য প্রচার করেছেন। বিশেষ করে, ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা একটি ভিডিওতে তিশাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে। এসব বক্তব্যের কারণে তার সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন অভিনেত্রী।

মামলার এজাহারে সানায়্যা আনাম ওয়াফিকাহকে প্রথম আসামি এবং ফাতেমা তুজ জোহরাকে দ্বিতীয় আসামি করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তানজিন তিশা।

এদিকে, মামলাটি বর্তমানে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

মামলার বিষয়ে জানতে অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে যা বলার তার আইনজীবীই বলবেন। অন্যদিকে, তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন তার মক্কেল।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও মন্তব্যকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। তবে মামলার অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি।