সারাদেশ
কাফনের কাপড় ও হুমকির চিরকুট পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বাকের মজুমদারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাঁর বাড়ির পাশে কাফনের কাপড়, আতর, লোবান ও হুমকিমূলক চিরকুটসহ একটি বাক্স রেখে গেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবু বাকের মজুমদার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
পরিবারের সদস্যদের দাবি, সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার মধ্যে যেকোনো একসময় কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে আবু বাকের মজুমদারের বাড়ির পাশে বাক্সটি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। মঙ্গলবার সকালে বাক্সটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা সেটি খুলে ভেতরে কাফনের কাপড়, আতর, লোবান ও একটি হুমকিমূলক চিরকুট দেখতে পান।
চিরকুটে আবু বাকের মজুমদারকে উদ্দেশ করে লেখা হয়, ‘মি. বাকের মজুমদার, তুই বঙ্গনেত্রীকে হত্যার জন্য স্নাইপার রাইফেল দিয়ে কী করিয়েছিস, জাতি আজ বুঝতে পেরেছে। তাই তোকে শেষ সংবাদ দিচ্ছি—মৃত্যুর জন্য প্রস্তুত হও।’
চিরকুটে আরও লেখা ছিল, ‘কিছু মসলা দিয়েছি, বুঝে নিস। তোর পুরো এলাকা জ্বালিয়ে দেব। তোকে কবরে পাঠাব। তাই হবে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ চিরকুটের এমন ভাষায় বাকের ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সংগঠনটির পক্ষ থেকে আবু বাকের মজুমদার ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা যাবে না। যেকোনো ধরনের হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতি পরিচালিত হওয়া উচিত যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।
এ বিষয়ে আবু বাকের মজুমদার বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাড়ির পাশে দাফনের কাপড় রেখে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আমরা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছি। পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই রুখে দেবে।’
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেননি। এ বিষয়ে পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ভাবছেন।
আবু বাকের মজুমদারের বড় ভাই আবু বকর সজিব জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় বাড়ির পাশে বাক্সটি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। সকালে সেটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
অন্যদিকে, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, তাঁর হোয়াটসঅ্যাপে এ-সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও এসেছে। তবে সেগুলো কে বা কারা পাঠিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেননি।