জাতীয়

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বকে শক্তির বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বকে শক্তির বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও আধুনিক সামরিক প্রস্তুতি বিশ্বদরবারে তুলে ধরবে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ মহড়ার মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুসংগঠিত অবস্থান, দক্ষতা এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের একসঙ্গে অংশগ্রহণে এই মহড়া দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মহড়ার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’ তাঁর মতে, তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বিত অংশগ্রহণ দেশের সামরিক বাহিনীর দক্ষতা ও সক্ষমতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এই যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি শুধু একটি প্রশিক্ষণ কার্যক্রম নয়, বরং বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন। এর মাধ্যমে তিন বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং সমন্বিতভাবে অভিযান পরিচালনার সক্ষমতা আরও বাড়বে।

তিনি বলেন, এই মহড়ার পেছনে রয়েছে সরকারের দূরদর্শী পরিকল্পনা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা। একই সঙ্গে এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। বর্তমান বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি এবং নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

তারেক রহমানের মতে, এ ধরনের যৌথ সামরিক অনুশীলন সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব এবং কার্যকর যোগাযোগ আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি, নিরাপত্তা হুমকি কিংবা জটিল সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি আরও কার্যকর ও শক্তিশালী হবে।

তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত প্রশিক্ষণ, আধুনিকায়ন এবং সমন্বিত সামরিক অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ভবিষ্যতে আরও দক্ষ ও সক্ষম হয়ে উঠবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতা তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।