সারাদেশ

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে নারীর ভুয়া পরিচয় ব্যবহার করে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডলও রয়েছেন। ‘মেগা পার্সোনাল’ নামের একটি ডেটিং অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি। চক্রের সদস্যরা নারীর ছবি ব্যবহার করে পুরুষদের সঙ্গে যোগাযোগ করতেন এবং নারী কণ্ঠে কথা বলে তাঁদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন। তবে কথোপকথনের অপর প্রান্তে কোনো নারী নয়, বরং পুরুষ সদস্যরাই নারী সেজে প্রতারণা করতেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী উপজেলার মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)। তাঁদের মধ্যে মনির হোসেন ময়মনসিংহ নগরের নাসিরাবাদ কলেজে, মাসুদ আল মারুফ ঢাকা মডেল ডিগ্রি কলেজে, তানভীর আহম্মেদ মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজে এবং নাঈম মণ্ডল নগরের একটি বেসরকারি কলেজে পড়াশোনা করেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা তিনটার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, অনলাইনভিত্তিক প্রতারণার অভিযোগ পাওয়ার পর ডিবি পুলিশের একটি দল বিভিন্ন ডেটিং সাইটের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করে। একপর্যায়ে ‘মেগাপারসোনাল ডটকম’ নামের একটি ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়। সেখানে বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে দেশি-বিদেশি মুঠোফোন নম্বরের মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করা হতো। পরে ডেটিংয়ের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করত চক্রটি।

পুলিশ সুপার আরও জানান, টাকা দেওয়ার পর ভুক্তভোগীদের অ্যাপের মাধ্যমে চ্যাট করার সুযোগ দেওয়া হতো। তবে অপর প্রান্তে কোনো নারী থাকতেন না। চক্রের পুরুষ সদস্যরাই নারীর পরিচয় ধারণ করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলতেন। এভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে বিশ্বাস অর্জন এবং সম্পর্ক গড়ে তোলার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল চক্রটির মূল কৌশল।

অভিযানে জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন প্রাথমিকভাবে পরীক্ষা করে বিপুলসংখ্যক নারীর ছবি, অশ্লীল ছবি এবং বিভিন্ন ব্যক্তির মুঠোফোন নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে গত তিন মাস ধরে চক্রটির এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালানোর তথ্য পাওয়া গেছে। এ সময়ে শতাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা এবং তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ এখনো যাচাই করা হচ্ছে।

পুলিশ সুপার কামরুল হাসান বলেন, চক্রটির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া প্রতারণার কাজে কোনো নারী জড়িত ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত তাঁদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এর মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং চক্রটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে গ্রেপ্তার সাতজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। তবে মঙ্গলবার তাঁদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ডিবি পুলিশের হেফাজতে থাকা চক্রের সদস্যদের সঙ্গে কথা বলে গণমাধ্যম। এ সময় ছাত্রদল নেতা নাঈম মণ্ডল দাবি করেন, গত তিন থেকে চার মাসে তিনি প্রায় তিন লাখ টাকা আয় করেছেন। তিনি জানান, অ্যাপটিতে যুক্তরাষ্ট্রের মুঠোফোন নম্বর ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করা হতো। তাঁদের সঙ্গে নারীর পরিচয়ে বার্তা আদান-প্রদান করা হতো। একপর্যায়ে টাকা নেওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো।

নাঈম মণ্ডলের সাংগঠনিক পরিচয় প্রসঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘নাঈম মণ্ডলের পুরো নাম রবিউল ইসলাম। তিনি ছাত্রদলের সাবেক এক নেতার মাধ্যমে দলে পদ পেয়েছিলেন। আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।’