সারাবিশ্ব

ভারতসহ ১২টির বেশি দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

ভারতসহ ১২টির বেশি দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে পারে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। নিজস্ব শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে এসব দেশ মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত শুল্কের আওতায় আসতে পারে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বেশ কয়েকটি বড় অর্থনীতি। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শুল্কসংক্রান্ত তদন্তের পর এ উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

যেভাবে আরোপ হতে পারে নতুন শুল্ক

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ আরও ১৩টি দেশের শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তার বিষয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। এ আইনে কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে দেশটির পণ্যের ওপর শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের দাবি, সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে এসব দেশের কোম্পানিগুলো কম দামে পণ্য রপ্তানি করে বিশ্ববাজারে সরবরাহ বাড়াচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কিন উৎপাদকরা।

তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে। এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই নতুন শুল্কের আওতায় আসার আশঙ্কা রয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও মোটরগাড়ির মতো কিছু শিল্পপণ্য এর বাইরে থাকতে পারে। কারণ, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনের আওতায় এসব পণ্যের ওপর আগে থেকেই শুল্ক আরোপ করা রয়েছে।

নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো নির্ধারণ করা হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও কাছাকাছি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট তার প্রথম দফার শুল্ক বাতিল করার আগে এসব শুল্ক নির্ধারণ করা হয়েছিল।

এর আগে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষ করে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়। ওই তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এক ডজন বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে চলমান তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির সব কটিই ওই তালিকায় ছিল। ফলে জুলাইয়ে প্রস্তাবিত শুল্কের সঙ্গে নতুন শুল্কও যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় নতুন চাপ

এদিকে, কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে এ চুক্তির কাঠামো চূড়ান্ত হয়েছিল। তবে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় আগে আরোপ করা শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় ফিরে আসে।

প্রস্তাবিত চুক্তির মাধ্যমে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় নয়াদিল্লি। এ ক্ষেত্রে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা পাওয়ার চেষ্টা করছে ভারত।

তবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের উদ্যোগ দুই দেশের চলমান বাণিজ্য আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। একই সঙ্গে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।