রাজনীতি
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত একজন ব্যক্তিকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে কিংবা ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের আইনকে সবাইকে শ্রদ্ধা করতে হবে। একইভাবে বিশ্বের প্রতিটি দেশের আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি সংশ্লিষ্ট দেশগুলোরও শ্রদ্ধাশীল থাকা উচিত।
সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক অসচ্ছলতা, অসুস্থতা ও বিভিন্ন সংকটের সময়ে সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। সাংবাদিকদের কল্যাণে এই সহায়তা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ট্রাস্টের অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্যও সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা।
ঢাকা মহানগরের যানজট পরিস্থিতির উন্নতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এই প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা আরও বিস্তৃত করা হবে।
সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন ধরনের তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের আগুন-সন্ত্রাসের রাজনীতি আবারও ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে যেন আর কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত করা এবং মানুষের ভোটাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সাংবাদিকরা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।