রাজনীতি
ঐক্য করতে হলে বিএনপিকে বলতে হবে 'বাবা ভুল করেছি মাফ করে দাও'
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে প্রথমে নিজেদের ভুল স্বীকার করে ‘মুচলেকা’ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার অর্থ এই নয় যে, বিএনপির গত আট মাসের কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগগুলো ভুলে গিয়ে সামনে এগিয়ে যাবে এনসিপি।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে এনসিপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে। বলতে হবে, বাবা ভুল করেছি, মাফ করে দাও। আমি গণরায় বাস্তবায়ন করব। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। কিন্তু আলোচনায় বসার অর্থ এই নয় যে, আপনাদের বিরুদ্ধে যত অভিযোগ ও অপরাধের খাতা রয়েছে, সেগুলো আড়াল করে আমরা সামনে এগিয়ে যাব।’
বিএনপির গত আট মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, এ সময়ে দেশের যেসব ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এসব ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত আট মাসে বাংলাদেশে যারা ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন-ওই ভাইদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আমরা নেব, ইনশাআল্লাহ।’
এর আগে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় থেকে এনসিপির বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির আয়োজন করে দলটি।
বিক্ষোভ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা তাঁদের বিভিন্ন দাবির পক্ষে বক্তব্য দেন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা ও গণরায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।