সারাদেশ
২০ বছর ধরে অনিয়মিত শিক্ষক, ক্লাস না নিয়েই তুলছেন সরকারি বেতন!
পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং নিয়মিত পাঠদান না করেই সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। সামাজিক বিজ্ঞান বিষয়ের এই শিক্ষক মাসে মাত্র দুই থেকে তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হন বলে অভিযোগ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের। প্রায় ২০ বছর ধরে এ ধরনের অনিয়ম চলে আসছে বলেও দাবি তাঁদের। শুধু বিদ্যালয়ে অনুপস্থিত থাকাই নয়, একই সময়ে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন, বিকল্প শিক্ষক দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং হাজিরা খাতায় একসঙ্গে স্বাক্ষর করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষকদের দায়িত্বশীলতা ও বিদ্যালয় পরিচালনার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. আলতাফ হোসেন ১৯৯৭ সালের ১৫ এপ্রিল দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে ২০০০ সালের ১ এপ্রিল তিনি এমপিওভুক্ত হন। এরপর থেকে সরকারি বেতন-ভাতা পেয়ে আসছেন তিনি। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। এমনকি কয়েক বছর ধরে তাঁর অনুপস্থিতিতে অন্য ব্যক্তিদের দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করানোর ঘটনাও ঘটেছে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, আলতাফ হোসেন মাসে মাত্র দুই থেকে তিন দিন বিদ্যালয়ে আসেন। নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করেন না। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের ভাষ্য, প্রধান শিক্ষক তাঁদের জানিয়েছেন, আলতাফ হোসেন অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানেও দায়িত্ব পালন করেন। সে কারণে তিনি নিয়মিত বিদ্যালয়ে আসতে পারেন না।
এদিকে, একজন শিক্ষকের অনিয়মিত উপস্থিতির প্রভাব বিদ্যালয়ের অন্য শিক্ষকদের মধ্যেও পড়ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, আলতাফ হোসেন নিয়মিত বিদ্যালয়ে না এলে অন্য শিক্ষকরাও নিয়মিত উপস্থিত থাকা কিংবা শ্রেণিকক্ষে পাঠদান নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন, আলতাফ স্যার নিয়মিত ক্লাস না নিলে তাঁরা কেন নিয়মিত ক্লাস নেবেন। এতে বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গলাচিপা উপজেলার রতনদিতালতলী ইউনিয়নে অবস্থিত মেম সাহেব নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০০৫ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলতাফ হোসেন। প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত হলেও সেখানে তাঁর নিয়মিত উপস্থিতি নিয়েও অভিযোগ রয়েছে। একদিকে এমপিওভুক্ত বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সরকারি বেতন-ভাতা গ্রহণ, অন্যদিকে একই সময়ে অন্য একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন-এই দুই দায়িত্ব কীভাবে সামলাচ্ছেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক মো. লোকমান মুন্সি অভিযোগ করে বলেন, আলতাফ মাস্টারের বেতনের টাকা প্রধান শিক্ষক ভাগ নেন। তাঁকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছেন, অথচ তিনি নিয়মিত ক্লাস করেন না। প্রধান শিক্ষক নিজেও নিয়মিত বিদ্যালয়ে আসেন না। তিনি একজন কেরানিকে সঙ্গে নিয়ে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে বিদ্যালয়ে আসেন। তাঁর ইচ্ছামতো ক্লাস পরিচালিত হয়। আবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যেই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের পড়াশোনা কীভাবে হবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, এ বিষয়ে তাঁদের একাধিকবার সভায় ডাকা হয়েছে। সভায় তাঁরা অনিয়মের বিষয়গুলো তুলে ধরে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু সংশ্লিষ্টরা বিষয়গুলো গুরুত্ব দেননি। শুধু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি।
এলাকাবাসী মো. আইয়ুব সরদার বলেন, শিক্ষক আলতাফ হোসেন ২০০০ সাল থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন বলে তাঁরা জানতে পেরেছেন। কিন্তু গত চার-পাঁচ বছরে তাঁকে বিদ্যালয়ে এসে ক্লাস করতে কিংবা নিয়মিত উপস্থিত থাকতে দেখেননি। বিদ্যালয়ে উপস্থিত না থেকেও কীভাবে তিনি বেতন উত্তোলন করছেন এবং তাঁর বেতনের কাগজপত্রে কে স্বাক্ষর করছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত বলেও মনে করেন তিনি।
বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক মো. ইয়াকুব হোসেনও আলতাফ হোসেনের বিরুদ্ধে নিয়মিত পাঠদান না করার অভিযোগ করেন। তিনি বলেন, আলতাফ স্যার নিজে ক্লাস নেন না। একসময় ১০ হাজার টাকা দিয়ে জব্বার নামের একজনকে দিয়ে তাঁর ক্লাস করিয়েছেন। পরে জাকারিয়াকে দিয়ে ক্লাস করিয়েছেন। তবে বর্তমানে তাঁর পরিবর্তে কেউ ক্লাস নেন না।
তিনি আরও অভিযোগ করেন, আলতাফ হোসেনের দেখাদেখি বিদ্যালয়ের আরও দুই শিক্ষক একই ধরনের অনিয়ম করার চেষ্টা করছেন এবং নিয়মিত ক্লাস নিচ্ছেন না। তাঁদের যুক্তি, আলতাফ স্যার ক্লাস না নিলে তাঁরা কেন ক্লাস নেবেন। এ বিষয়ে আলতাফ হোসেনকে কিছু বলাও কঠিন। কারণ, তিনি সবাইকে অপমানজনক কথা বলেন। মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে একসঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর করেন বলেও অভিযোগ করেন এই শিক্ষক।
অভিযোগের বিষয়ে দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেমায়েত উদ্দিন বলেন, আলতাফ হোসেন বিদ্যালয়ে আসেন। তবে তিনি অন্য একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। সেটি নিয়ে কিছুটা দৌড়াদৌড়ি করতে হয়। এ কারণে মাঝেমধ্যে তাঁর বিদ্যালয়ে আসা হয় না। তবে তিনি মাসে নির্দিষ্ট করে কত দিন বিদ্যালয়ে উপস্থিত থাকেন, তা তাঁর জানা নেই। হাজিরা খাতা দেখে বিষয়টি নিশ্চিত হতে হবে।
আলতাফ হোসেনের বেতনের অর্ধেক নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, 'আমি তাঁর বেতনের অর্ধেক নিই-এমন অভিযোগ কে করেছে? এ ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলব।'
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মো. আলতাফ হোসেন। তিনি বলেন, 'এটা সম্পূর্ণ মিথ্যা। আমার দুই সন্তান বর্তমানে হাসপাতালে আছে। এ কারণে আমি অক্টোবরে ছুটি নিয়েছি। কমিটি নিয়ে এখানে কিছু ঝামেলা আছে। তবে অন্য কোনো দলের সঙ্গে আঁতাত করে স্কুলে না যাওয়ার অভিযোগ সত্য নয়। মেম সাহেব বিদ্যালয়ে সময় দিই, এটা সত্য কথা। মাদ্রাসায় সময় দিই। সাকিব, তোমার সঙ্গে আমি সাক্ষাতে কথা বলব। এ বিষয়ে আর কিছু বলতে চাই না।'
এ বিষয়ে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম জানান, এমপিওভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় একই সঙ্গে অন্য একটি নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা কিংবা সেখানে সময় দেওয়া বিধিসম্মত নয়। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দীর্ঘদিন ধরে চলা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদানের সুযোগ পায় এবং বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত হয়।