সারাবিশ্ব

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না: শুভেন্দু অধিকারী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না: শুভেন্দু অধিকারী
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে গরু জবাই বন্ধে বিদ্যমান আইন পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনে নতুন করে গোহত্যাবিরোধী বিল আনারও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে অবৈধভাবে গরু জবাইয়ের তথ্য ও ভিডিও সরকারের কাছে পাঠানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার (২৩ নভেম্বর) নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে গোমাতা কাটতে দেব না। গোমাতার ওপর কাউকে হাত তুলতে দেব না। পরিষ্কার কথা। যেভাবে পারেন আপনারা ব্যাখ্যা করতে পারেন। এ বিষয়ে আমাদের সরকারের কঠোর অবস্থান রয়েছে।’

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন কার্যকর রয়েছে। ওই আইনে কোন পরিস্থিতিতে পশু জবাই করা যাবে এবং কোন ক্ষেত্রে তা নিষিদ্ধ, সে বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে। তবে আইনটির বিভিন্ন ধারা ও প্রয়োগের বিষয়টি নতুন করে পর্যালোচনা করছে রাজ্য সরকার। প্রয়োজন হলে আগামী দিনে গোহত্যা বন্ধে নতুন বিলও বিধানসভায় আনা হতে পারে।

এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশনা এবং রাজ্য সরকারের নিজস্ব নীতিমালার কথাও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, আইন ও আদালতের নির্দেশনা মেনেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্লটার হাউসে নিয়ম মেনে পশু জবাই এবং অবৈধভাবে গরু জবাইয়ের ঘটনাকে এক করে দেখতে চান না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নির্ধারিত নিয়ম ও বিধি অনুসরণ করে স্লটার হাউসগুলোতে পশু জবাই করা হয়। সেখানে প্রকাশ্যে গরু জবাইয়ের ঘটনা ঘটে না। তবে আইন লঙ্ঘন করে কোথাও গরু জবাই করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পশ্চিমবঙ্গে আগামী দিনে গোমাংস পাওয়া যাবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা হবে, তা যার যার ব্যক্তিগত বিষয়। তবে তাঁর সরকারের অবস্থান স্পষ্ট-রাজ্যে গরু হত্যা করতে দেওয়া হবে না।

এদিকে রাজ্যে গরু পাচার ও প্রকাশ্যে গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়েও কথা বলেন শুভেন্দু অধিকারী। এ ক্ষেত্রে খড়গপুর ও বারুইপুরের কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি দাবি করেন, স্থানীয় জেলা প্রশাসন ইতোমধ্যে এসব বিষয়ে ব্যবস্থা নিয়েছে। কোথাও আইন অমান্য করা হলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি।

অবৈধভাবে গরু জবাইয়ের ঘটনা শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী। এ ধরনের কোনো ঘটনার তথ্য, ছবি কিংবা ভিডিও থাকলে তা সরকারের কাছে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন থাকা সত্ত্বেও রাজ্যে বিভিন্ন স্থানে অবৈধভাবে গরু জবাইয়ের ঘটনা ঘটেছে। অনেকে গোপনে এসব কর্মকাণ্ড পরিচালনা করেন। এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেলে সরকার দ্রুত ব্যবস্থা নেবে।

অন্যদিকে, বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণ ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা। এ প্রকল্পের আওতায় যোগ্য গরুর মালিক বা খামারিদের বছরে এক লাখ রুপি করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, খামারিদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নিয়ম ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রতিবছর এ অনুদান দেওয়া হবে। শিগগিরই সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকল্পটির বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।

এ ছাড়া রাজ্যের নাম ইংরেজিসহ সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাবেও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে। আগামী ৯ ডিসেম্বর রাজ্যের নামসংক্রান্ত প্রস্তাবটি বিধানসভায় উত্থাপন করা হবে।

বিধানসভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হলে তা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। এরপর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।