বিনোদন

নিজ গ্রামেই চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

নিজ গ্রামেই চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান
ছবি: সংগৃহীত

নাট্যমঞ্চ থেকে টেলিভিশন নাটক, এরপর চলচ্চিত্র-সবখানেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন অভিনেতা সোহেল খান। পর্দায় কখনো গ্রামীণ জনপদের সাধারণ মানুষের জীবন, কখনো আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও ছিলেন অত্যন্ত সহজ-সরল, বিনয়ী ও পরোপকারী। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয়দের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই প্রিয় মানুষটি এখন নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে নিজ বাড়ির ঈদগাহ মাঠে মাগরিবের নামাজের পর অভিনেতা সোহেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক ও স্থানীয়দের উপস্থিতিতে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুর খবরে চলচ্চিত্রাঙ্গন, সহকর্মী, স্বজন ও নিজ গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।

সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার গ্রামের বাড়িতে শোকাহত মানুষের ভিড় জমতে থাকে। বাড়ির উঠানে নীরবে দাঁড়িয়ে ছিলেন স্বজন ও এলাকাবাসী। কেউ প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ বাকরুদ্ধ হয়ে বসে থাকেন। দীর্ঘদিনের পরিচিত ও ভালোবাসার মানুষটির এমন আকস্মিক চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তারা। পুরো গ্রামজুড়েই বিরাজ করছিল শোকের আবহ।

অভিনেতা হিসেবে সোহেল খানের বিশেষত্ব ছিল স্থানীয় মানুষের জীবনযাপন, আঞ্চলিক ভাষা, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতিকে অভিনয়ের মাধ্যমে বাস্তবসম্মতভাবে তুলে ধরা। নিজের এলাকার মানুষের কথাবার্তা, আচার-আচরণ ও জীবনধারাকে তিনি পর্দায় এমনভাবে ফুটিয়ে তুলতেন, যা দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেত। অভিনয়ের বাইরেও সাধারণ মানুষের সঙ্গে তার ছিল গভীর সম্পৃক্ততা।

স্থানীয় বাসিন্দা সাঈদ আল মামুন বলেন, ‘সোহেল ভাই আঞ্চলিক ভাষায় কথা বলা কিংবা এলাকার রীতিনীতি ও আচার-ব্যবহার অভিনয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। তার মধ্যে অহংকার বলতে কিছুই ছিল না। ধনী-গরিবের কোনো ভেদাভেদ করতেন না। সবার সঙ্গে সমানভাবে মিশতেন। অভিনেতা পরিচয়ের বাইরেও রাজাপুর গ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রামের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সব সময় যুক্ত থাকতেন। স্থানীয় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তার বড় ভূমিকা ছিল।’

অভিনেতার আত্মীয় ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘গ্রামের যেকোনো ভালো উদ্যোগে সোহেল খান সব সময় সামনের সারিতে থাকতেন। আমাদের এখানে যে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সেটির পেছনে মূল ভূমিকা ছিল সোহেলের। সামাজিক কর্মকাণ্ড কিংবা গ্রামের উন্নয়নে যেকোনো কাজে তিনি এগিয়ে আসতেন। সব ধরনের উদ্যোগে তার আগ্রহ ও অংশগ্রহণ ছিল। গ্রামের মানুষের কাছে তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, বরং উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডের একজন পরিচিত এবং গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন।’

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া সোহেল খান পরবর্তী সময়ে চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নিজের উপস্থিতি জানান দেন।

এরপর একে একে অভিনয় করেন ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২) চলচ্চিত্রে।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, আবার কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে পরিচিতি পেয়েছে।

অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পাশাপাশি নিজ গ্রামের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাও অর্জন করেছিলেন সোহেল খান। সামাজিক কর্মকাণ্ডে অবদান, মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং সহজ-সরল জীবনযাপনের কারণে রাজাপুরের মানুষের কাছে তিনি ছিলেন আপনজন। পর্দার সেই পরিচিত মুখ আর ফিরবেন না, তবে তার অভিনয় ও নিজ এলাকার মানুষের জন্য রেখে যাওয়া স্মৃতি দীর্ঘদিন স্মরণে থাকবে।