রাজনীতি
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে। শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনার মধ্যে পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, তাঁকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে, এই দুটি বিষয়কে আলাদাভাবে বিবেচনা করতে হবে। কারও দেশে ফেরার ইচ্ছা থাকলেই যে বাস্তবে তা সম্ভব হবে, বিষয়টি এমন নয়।
এদিকে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সরকার বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়েই সরকার পরিস্থিতি সামাল দিচ্ছে এবং এ বিষয়ে দেশের মানুষকে নিয়মিত অবহিত রাখা হবে।
তিনি বলেন, সরকার সব সময় দৃঢ়ভাবে জনগণের পাশে রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে এবং জনগণকে সঙ্গে নিয়েই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব কর্মকাণ্ডের পেছনে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হুমায়ুন কবির দাবি করেন, এসব হামলার মূল উদ্দেশ্য জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলেও তাতে তারা সফল হয়নি। সাধারণ মানুষ এসব কর্মকাণ্ডে ভীতসন্ত্রস্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত বিদেশি কূটনীতিকেরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। বিদেশি কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে এ ধরনের আলোচনা ও মতবিনিময় আগেও বহুবার হয়েছে।
তিনি জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সরকারের অবস্থান এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত রাখতেই এ ধরনের ব্রিফিংয়ের আয়োজন করা হয়।