সারাদেশ

আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কাছে দলীয় তথ্য পাচারের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির এক নেতার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত তৈয়বুর রহমান কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। গত সোমবার (২৩ নভেম্বর) তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, তৈয়বুর রহমান দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিএনপিতে অবস্থান করে আওয়ামী লীগের কাছে দলীয় তথ্য পাচার এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ দলটির অনেক নেতার সঙ্গে তৈয়বুর রহমানের সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি।

শহিদুল ইসলাম টিটু আরও বলেন, স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ রয়েছে তৈয়বুর রহমানের বিরুদ্ধে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে।