বিনোদন

মুক্তির আগেই বিতর্কে পাকিস্তানি সিরিজ, ভারতে নিষিদ্ধের দাবিতে মোদিকে চিঠি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

মুক্তির আগেই বিতর্কে পাকিস্তানি সিরিজ, ভারতে নিষিদ্ধের দাবিতে মোদিকে চিঠি
ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’। সিরিজটির প্রথম ঝলক প্রকাশের পরই এটি ভারতে নিষিদ্ধ করার দাবি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার কাছে চিঠি পাঠিয়ে সিরিজটির সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে তারা।

আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পী ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসী। ২০২৩ সাল থেকে সিরিজটির নির্মাণকাজ চলছিল। মুক্তির আগে এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ভারতে শুরু হয়েছে বিতর্ক।

সম্প্রতি সিরিজটির প্রচারণামূলক প্রথম ঝলক সামনে আসার পর আপত্তি জানায় এআইসিডব্লিউএ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সিরিজটি যেন কোনোভাবেই ভারতের দর্শকদের জন্য উন্মুক্ত করা না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পাশাপাশি নেটফ্লিক্স ইন্ডিয়াকেও ভারতে সিরিজটির প্রচার বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে সংগঠনটি কঠোর অবস্থান তুলে ধরে বলেছে, ‘সন্ত্রাসবাদের কোনো উদ্‌যাপন হতে পারে না। সবার আগে দেশ।’ তাদের দাবি, পাকিস্তানের কোনো সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্ট কিংবা অন্য কোনো বিনোদনমূলক কনটেন্টের জায়গা ভারতীয় পর্দায় থাকা উচিত নয়। জাতীয় নিরাপত্তা ও দেশের স্বার্থের প্রশ্নে পাকিস্তানি বিনোদনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কনটেন্টের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।

এআইসিডব্লিউএ শুধু ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ সিরিজটি নিষিদ্ধ করার দাবিতেই সীমাবদ্ধ থাকেনি। ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের প্রচার ও সম্প্রচার স্থায়ীভাবে বন্ধ করতে একটি কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়াসহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মকে এ ধরনের কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো প্ল্যাটফর্ম পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধানও রাখতে হবে।

সংগঠনটির দাবি, ২০২৫ সালের মে মাসে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওটিটি প্ল্যাটফর্মসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যমকে পাকিস্তানি বিনোদন ও শিল্পসংক্রান্ত কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল। এআইসিডব্লিউএ আরও দাবি করেছে, পুলওয়ামা হামলার পর থেকেই ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সামনে আসে। পরবর্তী সময়ে পেহেলগাম হামলার পর এ বিষয়ে ভারতের অবস্থান আরও কঠোর হয়।

এদিকে, নেটফ্লিক্সে সিরিজটির মুক্তির তারিখ ঘনিয়ে আসার মধ্যেই ভারতে নিষিদ্ধের দাবি ওঠায় নতুন করে আলোচনায় এসেছে ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনের সম্পর্ক। এখন দেখার বিষয়, সংগঠনটির এই আবেদনের পর ভারত সরকার কিংবা নেটফ্লিক্স কর্তৃপক্ষ সিরিজটির সম্প্রচারের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।