সারাদেশ

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় পক্ষগুলোর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবর্ষণ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াতের নেতাকর্মীদের চারটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপির একটি পক্ষের বিরুদ্ধে। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অন্তত আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কয়েকটি পবিত্র কোরআন শরিফও পুড়ে গেছে। একই রাতে নিষিদ্ধঘোষিত যুবলীগের এক সাবেক নেতার বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পরপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য অনুযায়ী, পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির একটি পক্ষের মিছিলের প্রস্তুতিকালে মুখোশধারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গুলিবর্ষণ শুরু হয়। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলিবর্ষণের ঘটনার পর রাত ৮টার দিকে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক এবং জামায়াতকর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। একপর্যায়ে বাড়িতে থাকা অন্তত আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির ভেতরে থাকা কয়েকটি পবিত্র কোরআন শরিফও আগুনে পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিত ও চতুরতার সঙ্গে এ বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে। এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় বিএনপির একটি পক্ষকে দায়ী করে পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া পিন্টুর সমর্থকেরা। তাঁদের দাবি, তাঁরা আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। তাঁদের ভাষ্য, পদ্মা নদীর বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এর সঙ্গে জামায়াতের কোনো বিরোধ বা সংশ্লিষ্টতা নেই।

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং এ ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। অকারণে তাঁর লোকজনকে দায়ী করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয় লোকজনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরেই গুলিবর্ষণ ও রাতে কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। এমনকি জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও তিনি জানেন না বলে জানান।

এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন। হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি দাবি করেন, পুলিশ উল্টো বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তিনি।

অন্যদিকে, একই রাতে নিষিদ্ধঘোষিত যুবলীগের ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরীর বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাড়িতে আগুন দেওয়ার আগে হামলাকারীরা তিনটি রেফ্রিজারেটর, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), একটি জেনারেটরসহ বিভিন্ন মূল্যবান মালামাল ট্রাকে করে নিয়ে যায়। পরে বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের পৃথক দুটি ঘটনার তদন্ত করছে পুলিশ।