জাতীয়

টানা ৩০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ রূপপুরের, আয় প্রায় ৭ কোটি টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

টানা ৩০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ রূপপুরের, আয় প্রায় ৭ কোটি টাকা
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা। দ্বিতীয় দফায় পরীক্ষামূলক এই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি অর্জিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, দ্বিতীয় দফায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা অতিক্রম করে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকে। এই সময়ে উৎপাদিত বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা।

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পসংশ্লিষ্টদের মতে, দ্বিতীয় দফায় দীর্ঘ সময় ধরে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারা কেন্দ্রটির পরিচালন সক্ষমতা, প্রযুক্তিগত প্রস্তুতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতার ইতিবাচক অগ্রগতির প্রমাণ। একই সঙ্গে এটি নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন।

দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হওয়ার পর রূপপুরের প্রথম ইউনিটকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের সময় সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনা করা হচ্ছে। এসব পরীক্ষার ফলাফল ও বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এনপিসিবিএল।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এ সাফল্য এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ার অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটির অপারেটর হিসেবে এনপিসিবিএল নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা বজায় রেখে আন্তর্জাতিক মানদণ্ড এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটির প্রতিটি ধাপে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ অর্জনের সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ার সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানান ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে। এর ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় জ্বালানির উৎস বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।