সারাবিশ্ব
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা
লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আফ্রিকায় রাশিয়ার সামরিক উপস্থিতি ও কৌশলগত পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত লিবিয়ার বেনগাজি বন্দরে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকার কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে লিবিয়াকে জড়িয়ে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। অন্যদিকে মস্কো এ ধরনের হামলাকে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা হিসেবে উল্লেখ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির বন্দরে অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজ ‘মারকুরি’ লক্ষ্য করে সাতটি ড্রোনের মাধ্যমে হামলা চালায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার দায় স্বীকার করে দাবি করেন, ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজটি ডুবে গেছে। একই অভিযানে রাশিয়ার একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টার এবং অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ‘আঙ্গারা’ নামের একটি পণ্যবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে বলে জানান তিনি।
তবে যুদ্ধজাহাজটির পরিণতি নিয়ে ইউক্রেনের দাবির সঙ্গে লিবিয়ার স্থানীয় কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। লিবিয়ার কর্মকর্তাদের দাবি, ‘মারকুরি’ পুরোপুরি ডুবে যায়নি; বরং ড্রোন হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ হামলায় অন্তত ১০ জন লিবীয় ও রুশ নাবিক নিহত হয়েছেন। হামলার সময় জাহাজটি বেনগাজি বন্দরে জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের কাজে অবস্থান করছিল।
এ ঘটনার পর লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কঠোর অবস্থান তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে কোনো পক্ষই লিবিয়ার ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করে সামরিক অভিযান পরিচালনার অধিকার রাখে না। লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে ত্রিপোলিভিত্তিক সরকার। একই সঙ্গে দেশটিকে কোনোভাবেই দুই দেশের যুদ্ধের ময়দানে পরিণত হতে দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে ন্যাটো-সমর্থিত সামরিক হস্তক্ষেপ ও বিদ্রোহের পর দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে। এরপর থেকেই রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্বে লিবিয়া কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। দেশটির পশ্চিমাঞ্চলে ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ক্ষমতায় থাকলেও পূর্বাঞ্চলের বেনগাজিকেন্দ্রিক প্রশাসন ও সামরিক বাহিনীর ওপর প্রভাব রয়েছে সামরিক নেতা খলিফা হাফতারের। হাফতারের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। ফলে লিবিয়ার পূর্বাঞ্চল রাশিয়ার জন্য আফ্রিকায় প্রভাব বিস্তারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।
বিশেষ করে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে রাশিয়ার সামরিক অবস্থান ও সরবরাহব্যবস্থা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। এমন পরিস্থিতিতে আফ্রিকায় সামরিক কার্যক্রম পরিচালনা, সেনা মোতায়েন এবং সামরিক সরঞ্জাম পরিবহনের বিকল্প কৌশলগত কেন্দ্র হিসেবে লিবিয়ার গুরুত্ব মস্কোর কাছে আরও বেড়েছে। বিভিন্ন সূত্রের ধারণা অনুযায়ী, বর্তমানে লিবিয়ায় রাশিয়ার প্রায় ১ হাজার ৮০০ সেনা অবস্থান করছে। দেশটির পূর্বাঞ্চলে রুশ সামরিক উপস্থিতি বজায় রাখা এবং আফ্রিকার অন্যান্য দেশে সামরিক ও কৌশলগত প্রভাব বিস্তারের ক্ষেত্রে লিবিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশ্লেষকদের মতে, বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা কেবল একটি সামরিক স্থাপনায় আঘাত নয়; বরং ইউক্রেনের যুদ্ধকৌশলে নতুন মাত্রার ইঙ্গিত বহন করছে। যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে রাশিয়ার সামরিক সরঞ্জাম, নৌ-সম্পদ ও সরবরাহব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে মস্কোর সামরিক সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করতে চাইছে কিয়েভ। এর মাধ্যমে ইউক্রেন দেখাতে চাইছে, রাশিয়ার সামরিক উপস্থিতি শুধু ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেই নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলও নিরাপদ নয়।
এ হামলার ফলে আফ্রিকায় রাশিয়ার সামরিক তৎপরতা, নৌ-যোগাযোগ এবং সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে লিবিয়ায় রুশ সামরিক উপস্থিতি আরও ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের সুযোগ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত আফ্রিকার উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সব মিলিয়ে বেনগাজি বন্দরে এই ড্রোন হামলা আফ্রিকায় মস্কোর দীর্ঘমেয়াদি সামরিক ও ভূরাজনৈতিক পরিকল্পনার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।