সারাবিশ্ব
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক, উদ্বেগ জানালেন ইহুদি ও হিন্দু সংগঠনগুলো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে দেশটিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ইহুদি ও হিন্দু সংগঠনগুলো। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা এবং তাঁর প্রতি শোক প্রকাশের বিষয়টি সামনে এনে শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনগুলো।
সংগঠনগুলোর দাবি, ইসলামপন্থি রাজনৈতিক নেতা হিসেবে শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়া এবং দেশটির সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাব্য বিষয়টি উদ্বেগজনক। তাদের মতে, অতীতে হামাস নেতাদের প্রতি তাঁর প্রকাশ্য সমর্থনমূলক বক্তব্যের বিষয়টি বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়া সরকারের এ সফর সম্পর্কে অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএএইচএ)।
যৌথ বিবৃতিতে সংগঠন দুটি অভিযোগ করে, হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর শফিকুর রহমান প্রকাশ্যে তাঁর প্রশংসা করেছিলেন এবং তাঁকে বীর হিসেবে আখ্যায়িত করেছিলেন। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও তিনি শোক প্রকাশ করেন এবং তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সংগঠন দুটির দাবি, দলটির ইতিহাস উদ্বেগজনক এবং এর সাবেক কয়েকজন নেতা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন।
শফিকুর রহমানের সফরের একটি অনুষ্ঠান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন দুটি। বিবৃতিতে বলা হয়, গত ২১ নভেম্বর সিডনিতে আয়োজিত একটি মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) তাঁকে আতিথ্য দিয়েছে বলে জানা গেছে। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন পার্লামেন্ট সদস্যও উপস্থিত ছিলেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকারের কাছে কয়েকটি প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন। তাদের প্রশ্ন, শফিকুর রহমানকে কী কারণে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রবার্ট গ্রেগরি এ প্রসঙ্গে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে ইসরায়েলের ‘রিলিজিয়াস জায়োনিজম’ দলের পার্লামেন্ট সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিলের ঘটনাও তুলে ধরেন তিনি।
রবার্ট গ্রেগরি প্রশ্ন তোলেন, ইসরায়েলের রাজনীতিবিদদের যেখানে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, সেখানে এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে স্বাগত জানানো হচ্ছে, যিনি প্রকাশ্যে হামাসের সদস্যদের প্রশংসা ও মহিমান্বিত করেছেন বলে অভিযোগ রয়েছে?
অন্যদিকে, অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমেন্দ্র সিং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি সামনে এনেছেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভীতি প্রদর্শনের ঘটনায় কট্টরপন্থি ইসলামপন্থিদের ভূমিকার বিষয়টি নথিভুক্ত রয়েছে।
আমেন্দ্র সিং আরও বলেন, যারা এ ধরনের নৃশংসতাকে সমর্থন করে অথবা এসব ঘটনার ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে, তাদের অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হলে দেশটির জনগণের মধ্যে বিভাজন তৈরি হতে পারে। একই সঙ্গে এটি অস্ট্রেলিয়ার সামাজিক সংহতি ও সম্প্রীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, অস্ট্রেলিয়ার ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টিও শফিকুর রহমানের সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শফিকুর রহমানকে কোনো অবস্থাতেই অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত ছিল না। তাঁর মতো একজন ব্যক্তিকে স্বাগত জানানো এবং ভিসা দেওয়ার ক্ষেত্রে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজির (যিনি ‘অ্যালবো’ নামে পরিচিত) কোনো আপত্তি না থাকায় বিস্ময় প্রকাশ করেছে দলটি।
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে ইহুদি ও হিন্দু সংগঠনগুলোর এমন অবস্থান এবং ওয়ান নেশন পার্টির প্রতিক্রিয়ায় দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এসব বক্তব্য ও অভিযোগ সংশ্লিষ্ট সংগঠনগুলোর নিজস্ব অবস্থান ও দাবি হিসেবে বিবৃতিতে তুলে ধরা হয়েছে।