জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা
ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় ও বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রেডভেদে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের ২১ হাজার ৫০০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহদী আমিন জানান, তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন এই মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৪৩ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডের আওতায় রয়েছেন সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিং বিভাগের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটররা। আগে এ গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

গ্রেড-২-এর শ্রমিকদের মজুরি ৪০ দশমিক ১১ শতাংশ বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডের অন্তর্ভুক্ত সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগের অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকাররা। অন্যদিকে, গ্রেড-৩-এর শ্রমিকদের মজুরি ৪১ দশমিক ৭০ শতাংশ বাড়িয়ে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে রয়েছেন জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীরা।

এ ছাড়া সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের মজুরি ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে। এ গ্রেডের হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে নতুন কাঠামোয় সব গ্রেডের শ্রমিকদেরই মজুরি বৃদ্ধি পেয়েছে।

তৈরি পোশাকশিল্পের অগ্রগতিতে শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে উপদেষ্টা মাহদী আমিন বলেন, বাংলাদেশের গার্মেন্টসশিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং এটি আমাদের নৈতিক ও সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, ২০২৩ সালের সর্বশেষ মজুরি বৃদ্ধির মাত্র তিন বছরের মধ্যে নতুন করে মজুরি বাড়ানোর সিদ্ধান্ত শ্রমিকদের আয় বৃদ্ধি এবং আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাঁদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মাস শেষে তাঁদের মোট আয় আরও বাড়বে।

শ্রমিক ও মালিকপক্ষের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। শ্রমিকদের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, মালিকপক্ষের আর্থিক সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই নতুন মজুরি কাঠামোর মূল লক্ষ্য।

নতুন মজুরি কাঠামো নির্ধারণে ভূমিকা রাখার জন্য নিম্নতম মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষকে ধন্যবাদ জানান উপদেষ্টা। একই সঙ্গে কারখানাগুলোতে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অপপ্রচার, উসকানি কিংবা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।