সারাবিশ্ব
১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী অর্জুন সিং
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে বাংলাদেশ দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার কথা বলেছেন তিনি। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই বিজেপি নেতা। তাঁর এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং এ মন্তব্য করেন। তিনি বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।”
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়।
অর্জুন সিংয়ের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সহিংসতার অভিযোগ এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের রাজনৈতিক মহলে বিভিন্ন বক্তব্য ও পাল্টা বক্তব্য দেখা যাচ্ছে।
এদিকে, ঘটনাচক্রে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। দীর্ঘ সময় পর তাঁর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ এবং একই তারিখকে ঘিরে অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তবে বাংলাদেশ দখল করে নেওয়ার বিষয়ে অর্জুন সিংয়ের বক্তব্যকে রাজনৈতিক হুমকি হিসেবেই দেখা হচ্ছে। প্রতিবেশী একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে দখলের এমন বক্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।