সারাবিশ্ব

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী, ঐতিহাসিক অভিযানে উচ্ছ্বসিত পুরো দেশ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী, ঐতিহাসিক অভিযানে উচ্ছ্বসিত পুরো দেশ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। দেশটির প্রথম নাগরিক হিসেবে পৃথিবীর কক্ষপথে পাড়ি জমিয়েছেন পাকিস্তান বিমানবাহিনীর পাইলট ও পেলোড বিশেষজ্ঞ মুহাম্মদ জিশান আলী। চীনের মহাকাশ অভিযানে অংশ নিয়ে তিনি প্রথম পাকিস্তানি এবং প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশের পথে রয়েছেন। তাঁর এই ঐতিহাসিক যাত্রাকে ঘিরে পাকিস্তানজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ইসলামাবাদ থেকে শুরু করে দেশটির বিভিন্ন প্রান্তে চলছে আনন্দ-উচ্ছ্বাস ও উদ্‌যাপন।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ১৮ মিনিটে (০০১৮ জিএমটি) উত্তর-পশ্চিম চীনের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে দুই চীনা নভোচারীর সঙ্গে শেনঝো-২৪ মহাকাশযানে করে কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করেন মুহাম্মদ জিশান আলী। তাঁর এই যাত্রা সরাসরি সম্প্রচার করা হয় পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর (SUPARCO) সদর দপ্তরে। ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে ভোর হওয়ার আগেই ইসলামাবাদে সংস্থাটির মিলনায়তনে জড়ো হন শত শত বিজ্ঞানী, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ। এ সময় পাকিস্তান ও চীনের পতাকা হাতে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। উৎক্ষেপণের মুহূর্তে সেখানে বেজে ওঠে পাকিস্তানের জাতীয় সংগীত।

ইসলামাবাদের সুপারকো ভবনে বসে সরাসরি উৎক্ষেপণ দেখার পর পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের শিক্ষার্থী জয়নব আব্বাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, উৎক্ষেপণের দৃশ্য দেখে তাঁর শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। শৌখিন জ্যোতির্বিদ জয়নব আরও বলেন, জীবনের এত অল্প সময়ের মধ্যে একজন পাকিস্তানি নাগরিককে মহাকাশে যেতে দেখবেন, তা তিনি কখনো কল্পনাও করেননি। তাঁর কাছে মুহূর্তটি ছিল অবিশ্বাস্য ও আবেগঘন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানের অভিযাত্রী নামিরা সেলিম একটি বাণিজ্যিক সাব-অরবিটাল ফ্লাইটে মহাকাশ ভ্রমণ করেছিলেন। তবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানো প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবে ইতিহাস গড়লেন মুহাম্মদ জিশান আলী। পরিকল্পনা অনুযায়ী, তিনি প্রায় এক সপ্তাহ কক্ষপথে অবস্থান করবেন। এ সময় চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। পরে স্টেশনে আগে থেকেই সংযুক্ত থাকা শেনঝো-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।

‘আমাদের নভোচারী’কে ঘিরে উচ্ছ্বাস

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর প্রধান মুহাম্মদ ইউসুফ খান জানান, ভোর ৫টা ১৮ মিনিটে উৎক্ষেপণের সময় নির্ধারিত হওয়ায় শুরুতে দর্শক উপস্থিতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলেন তিনি। তবে বাস্তবে পাকিস্তান ও চীনের পতাকা হাতে অসংখ্য মানুষের উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তিনি বলেন, প্রথমে ভেবেছিলাম এত ভোরে হয়তো দর্শক সমাগম কম হবে। কিন্তু এখন দেখছি, একটি আসনও খালি নেই। এটি প্রমাণ করে, আমাদের নভোচারী, এই অভিযান এবং এর পেছনে থাকা কঠোর পরিশ্রমের প্রতি মানুষের কতটা আবেগ ও ভালোবাসা রয়েছে।

ইউসুফ খান আরও বলেন, গত ৩০ মাসে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। প্রতিটি উৎক্ষেপণই ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ ও উদ্বেগের বিষয়। প্রতিবারই সফলতার প্রত্যাশায় বুক ধড়ফড় করত। তবে জিশান আলীর এই অভিযান সম্পূর্ণ ভিন্ন অনুভূতির জন্ম দিয়েছে। কারণ, এবার কোনো যন্ত্র বা স্যাটেলাইট নয়, বরং দেশের একজন মানুষ মহাকাশের পথে যাত্রা করেছেন। ফলে এই অভিযান পাকিস্তানের মানুষের কাছে বিশেষ আবেগ ও গর্বের বিষয় হয়ে উঠেছে।

মহাকাশে চারটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন আলী

মহাকাশে অবস্থানকালে মুহাম্মদ জিশান আলী চারটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন। এসব গবেষণার মধ্যে রয়েছে মাইক্রোঅ্যালগি বা অণুশৈবাল নিয়ে পরীক্ষা, মহাকাশযানের জন্য স্বয়ংক্রিয়ভাবে ক্ষত সারিয়ে নিতে সক্ষম সেলফ-হিলিং উপাদানের কার্যকারিতা যাচাই এবং পৃথিবীর বাইরে কিনোয়া নামের পুষ্টিকর শস্য চাষের সম্ভাবনা অনুসন্ধান। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো তিন শতাধিক গবেষণা প্রস্তাবের মধ্য থেকে যাচাই-বাছাই করে এসব গবেষণার বিষয় নির্বাচন করা হয়েছে।

সুপারকোর প্রধান জানান, এই গবেষণাগুলো ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তি, খাদ্য উৎপাদন এবং দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পৃথিবীর বাইরে খাদ্য উৎপাদনের সম্ভাবনা যাচাই এবং মহাকাশযানের ক্ষতিগ্রস্ত অংশ নিজে থেকেই মেরামত করতে সক্ষম উপাদান নিয়ে গবেষণা ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

কঠিন বাছাই ও দীর্ঘ প্রশিক্ষণের পর চূড়ান্ত মনোনয়ন

পাকিস্তানের প্রথম নভোচারী নির্বাচনের প্রক্রিয়াটি ছিল বেশ প্রতিযোগিতাপূর্ণ ও কঠোর। প্রাথমিক পর্যায়ে ৫০ জনের বেশি প্রার্থীকে বাছাই করা হয়। পরে তাঁদের মধ্য থেকে ১৯ জনকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য চীনে পাঠানো হয়। দীর্ঘ যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে দুজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তাঁরা হলেন পাকিস্তান বিমানবাহিনীর মুহাম্মদ জিশান আলী এবং পাকিস্তান নৌবাহিনীর খুররম দাউদ।

চূড়ান্ত মনোনয়নের পর দুই প্রার্থীকে কঠোর শারীরিক ও কারিগরি প্রশিক্ষণ নিতে হয়। সেন্ট্রিফিউজে মহাকাশযাত্রার মতো চাপ সহ্য করার অনুশীলন এবং পানির নিচে বিভিন্ন প্রশিক্ষণসহ নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয় তাঁদের। প্রাথমিকভাবে ছয় মাসের প্রশিক্ষণ পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত তা প্রায় সাত মাস ধরে চলে। এই দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে জিশান আলী মহাকাশ অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করেন।

চীনের সহযোগিতায় এগোচ্ছে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি

পাকিস্তানের মহাকাশ গবেষণার যাত্রা শুরু হয় ১৯৬১ সালে। এর পরের বছর ১৯৬২ সালে দেশটি প্রথম রকেট ‘রাহবার-১’ উৎক্ষেপণ করে। দীর্ঘ সময় ধরে মহাকাশ গবেষণায় কাজ করলেও আধুনিক মহাকাশ প্রযুক্তি ও মানববাহী অভিযানের ক্ষেত্রে পাকিস্তান এখনো অনেকটাই চীনের সহযোগিতার ওপর নির্ভরশীল। বর্তমানে দুই ঘনিষ্ঠ মিত্র দেশ মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে একসঙ্গে কাজ করছে।

এই সহযোগিতার ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানি নভোচারীদের প্রশিক্ষণের জন্য চীনে একটি বিশেষ কর্মসূচি চালুর লক্ষ্যে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ফল হিসেবে জিশান আলীর এই মহাকাশ অভিযানকে দেখা হচ্ছে পাকিস্তান-চীন মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে।

পাকিস্তান ভবিষ্যতে নিজস্ব মহাকাশ প্রযুক্তি গড়ে তুলতে পারবে, নাকি চীনের ওপর নির্ভরশীল থাকতে হবে-এমন প্রশ্নের জবাবে ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির (আইএসটি) অধ্যাপক রাজা আকবর বলেন, চীনের কাছ থেকে প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন একটি ধীরগতির প্রক্রিয়া হবে। প্রাথমিক পর্যায়ে দুই দেশ যৌথভাবে কাজ করছে। এর মাধ্যমে পাকিস্তান প্রযুক্তি, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছে এবং ধীরে ধীরে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে।

চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বকে প্রায়ই হিমালয়ের চেয়েও উঁচু বলে বর্ণনা করা হয়। সেই প্রসঙ্গ টেনে অধ্যাপক রাজা আকবর বলেন, হিমালয়ের সর্বোচ্চ উচ্চতা প্রায় ৯ কিলোমিটার। আর আজ আমরা পৌঁছে গেছি ৪০০ কিলোমিটার উচ্চতায়। তাঁর এই বক্তব্যে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং মহাকাশ গবেষণায় যৌথ অগ্রযাত্রার বিষয়টি উঠে আসে।

‘আপনি আমাদের সবার জন্য ইতিহাস তৈরি করেছেন’

জিশান আলীর এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির আরেক সদস্য আমনা ইজাজ আজিজ। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে নিজেকে সামলে নিয়ে বলেন, আপনি আমাদের সবার জন্য ইতিহাস তৈরি করেছেন। আমি এখনই কল্পনা করতে পারছি, ভবিষ্যতে আমাদের শ্রেণিকক্ষের শিশুরা আপনার নাম পড়বে এবং আপনার এই অর্জন থেকে অনুপ্রেরণা নেবে।

মুহাম্মদ জিশান আলীর এই মহাকাশযাত্রা শুধু একজন পাকিস্তানি নাগরিকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশটির মহাকাশ গবেষণার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন প্রজন্মের বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের মহাকাশ গবেষণায় আগ্রহী করে তোলার পাশাপাশি ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতে আরও বড় অর্জনের স্বপ্ন দেখাচ্ছে এই অভিযান। পাকিস্তানের মানুষের কাছে তাই জিশান আলীর এই যাত্রা হয়ে উঠেছে জাতীয় গর্ব, আবেগ ও নতুন সম্ভাবনার প্রতীক।