জাতীয়
দেশের প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা সরকারের
দেশের মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তা দিতে মাসিক সম্মানী চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের প্রায় আড়াই লাখ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছর থেকে এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ধর্মমন্ত্রী সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
ধর্মমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের মোট ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানী দেওয়ার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ধর্মীয় দায়িত্ব পালনে নিয়োজিত এসব ব্যক্তির অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের আর্থিকভাবে সহযোগিতা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ সময় সরকারের অন্যান্য উদ্যোগের কথাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। তিনি জানান, হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে হজের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের এসব উদ্যোগ ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তি ও সাধারণ মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বক্তব্যে ইসলামী শিক্ষা, কওমি মাদ্রাসা এবং আলেম-ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথাও উল্লেখ করেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ। তিনি বলেন, ইসলামী শিক্ষার বিকাশ এবং কওমি মাদ্রাসার উন্নয়ন ও আলেম-ওলামাদের সম্মান প্রতিষ্ঠায় বিএনপি কাজ করেছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, মহান আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনার তাওফিক দান করেন এবং দেশের কল্যাণে কাজ করার শক্তি ও সামর্থ্য দান করেন।
নিজের সুস্থতার জন্যও উপস্থিত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে দোয়া চান ধর্মমন্ত্রী। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনের সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি দেশের কওমি মাদ্রাসাগুলোর উন্নতি, ইসলামী শিক্ষার প্রসার এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করেন।