অর্থনীতি

আমদানি-রপ্তানির পণ্যমূল্য যাচাইয়ে পৃথক সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

আমদানি-রপ্তানির পণ্যমূল্য যাচাইয়ে পৃথক সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ছবি: সংগৃহীত

আমদানি-রপ্তানিসহ সব ধরনের আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাই এবং অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি সেল বা ইউনিট গঠন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এ নির্দেশনা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ (এফইপিডি-২) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে। পরে তা দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে পণ্য ও সেবার মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করতে প্রতিটি অনুমোদিত ডিলার ব্যাংককে পৃথক একটি সেল বা ইউনিট গঠন করতে হবে। এই ইউনিটের মাধ্যমে সংশ্লিষ্ট লেনদেনের মূল্য পর্যালোচনা ও যাচাইয়ের ব্যবস্থা করতে হবে, যাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যৌক্তিক মূল্য নিশ্চিত করা যায়।

এ ছাড়া প্রতিটি ব্যাংককে অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে হবে। তবে প্ল্যাটফর্ম নির্বাচনের ক্ষেত্রে ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং নিজস্ব কার্যক্রমের প্রয়োজনীয়তা বিবেচনায় রাখতে বলা হয়েছে। অর্থাৎ, ব্যাংকের সামর্থ্য ও লেনদেনের ধরন অনুযায়ী উপযুক্ত আন্তর্জাতিক মূল্য যাচাই সেবা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, আন্তঃসীমান্ত বাণিজ্য ও আর্থিক লেনদেনে পণ্য ও সেবার প্রকৃত, প্রতিযোগিতামূলক এবং যৌক্তিক মূল্য নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে আমদানি-রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত বা অস্বাভাবিক মূল্য দেখানোসহ মূল্যসংক্রান্ত অনিয়ম শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে।

নতুন সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-এ-এর অনুচ্ছেদ ৭(২)-এর নির্দেশনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ওই নির্দেশনায় ঋণপত্র (এলসি) খোলা কিংবা আমদানি কার্যক্রম শুরু করার আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের কথা বলা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। তাই নির্ধারিত সময়ের আগেই সব অনুমোদিত ডিলার ব্যাংককে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এর মধ্যে পৃথক মূল্য যাচাই সেল গঠন, দায়িত্বপ্রাপ্ত জনবল নির্ধারণ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন গ্রহণের বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানির মূল্য নির্ধারণে ব্যাংকগুলোর নজরদারি আরও সুসংগঠিত হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মূল্য দেখিয়ে লেনদেনের মাধ্যমে সংঘটিত অনিয়ম প্রতিরোধ এবং দেশের বৈদেশিক বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।