রাজনীতি
শেখ হাসিনাকে আর কখনো রাষ্ট্রক্ষমতায় বসাবে না দেশের মানুষ: এমপি আলিম
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেছেন, বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছে। তিনি যতই চিৎকার-চেঁচামেচি করুন না কেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর কোনোদিন রাষ্ট্রক্ষমতায় বসাবে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও তাদের ক্ষমতায় ফেরার সুযোগ দেবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আহতদের দুর্ভোগের কথা স্মরণ করে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় ৫০ হাজার ভাই-বোন তাঁদের দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং ৩০ হাজার মানুষ অঙ্গহানির শিকার হয়ে জীবনযাপন করছেন। এত মানুষের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
জুলাই গণ-অভ্যুত্থান সফল হওয়ার পেছনে জনগণের ঐক্য, দেশপ্রেম ও সাংগঠনিক শক্তিকে প্রধান ভূমিকা হিসেবে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে এমপি আলিম বলেন, ‘আমরা যে জুলাই বিপ্লব সফল করেছি, আমাদের কি পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই বা কোনো গুন্ডা বাহিনী ছিল? কিছুই ছিল না। আমাদের ছিল নৈতিক মনোবল, দেশপ্রেম ও ইউনিটি। সাংগঠনিক শক্তি দিয়েই আমরা জুলাই বিপ্লব সফল করেছি। কাজেই সাংগঠনিক শক্তি দিয়েই আমাদের ফ্যাসিস্টদের মোকাবিলা করতে হবে।’
তিনি আরও বলেন, কোনো অপশক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে। জনগণের সমর্থন এবং শক্তিশালী সাংগঠনিক অবস্থানই রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলার অন্যতম হাতিয়ার।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সম্মেলন প্রস্তুতি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় হয়।