সারাদেশ

বিশ্ব রোবটিকস প্রতিযোগিতায় বাংলাদেশের নাবিলের গৌরবোজ্জ্বল সাফল্য


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

বিশ্ব রোবটিকস প্রতিযোগিতায় বাংলাদেশের নাবিলের গৌরবোজ্জ্বল সাফল্য
ছবি: সংগৃহীত

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট গেমস (ডব্লিউআরজি) ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল। বিশ্বের ২০টিরও বেশি দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অধিকার করে কপার মেডেল (তাম্রপদক) জিতেছেন তিনি। শুধু পদক অর্জনই নয়, প্রতিকূল পরিস্থিতিতে অদম্য মনোবল, আত্মবিশ্বাস ও অসাধারণ দক্ষতার পরিচয় দেওয়ায় পেয়েছেন বিশেষ সম্মাননা ‘ডব্লিউআরজি ২০২৬ রোবট গেমস স্পিরিট অ্যাওয়ার্ড’। আন্তর্জাতিক এ অর্জনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রযুক্তিপ্রেমীদের সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নাবিল।

গত ১৬ থেকে ১৯ নভেম্বর জাপানে অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা। বিজয়ী আহনাফ বিন আশরাফ নাবিলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায়। তিনি ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। প্রতিযোগিতায় তিনি ‘ইয়ং স্পার্কস অব বাংলাদেশ’ (ওয়াইএসওবি)-এর উদ্ভাবনী দল ‘টিম ওয়াইএসওবি ইনফিনিটি’র দলনেতা হিসেবে অংশ নেন। এ সময় নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

তবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় নাবিলের সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। দলের অন্য কোনো সদস্য জাপানে যেতে না পারায় পুরো প্রতিযোগিতায় তাঁকে একাই অংশ নিতে হয়েছে। বাংলাদেশ থেকে প্রায় ৩২ কেজি ওজনের ভারী রোবটিকস প্রকল্প জাপানে নিয়ে যাওয়া থেকে শুরু করে নতুন পরিবেশে প্রকল্পের কারিগরি ব্যবস্থাপনা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রতিযোগিতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা-সবকিছুই সামলাতে হয়েছে একা হাতে। দলের অন্য সদস্যদের সরাসরি উপস্থিতি ছাড়াই ব্যক্তিগত দক্ষতা, ধৈর্য, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি জয় করে দেশের জন্য এই গৌরবময় সাফল্য অর্জন করেন তিনি।

নিজের এই অর্জন ও অভিজ্ঞতা সম্পর্কে আহনাফ বিন আশরাফ নাবিল বলেন, একাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া তাঁর জন্য সম্পূর্ণ নতুন এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল। দলের অন্য সদস্যরা সরাসরি উপস্থিত না থাকলেও তাঁদের সম্মিলিত স্বপ্ন, পরিশ্রম ও সহযোগিতা সব সময় তাঁর সঙ্গে ছিল। তিনি মনে করেন, পদক অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বিচারকদের কাছ থেকে নিজের কাজের মূল্যায়ন পাওয়া, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন এবং নিজের দক্ষতা ও সীমাবদ্ধতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করাও এই প্রতিযোগিতার অন্যতম বড় প্রাপ্তি।

উল্লেখ্য, আহনাফ বিন আশরাফ নাবিলের আন্তর্জাতিক অর্জনের তালিকায় এবারই প্রথম কোনো সাফল্য যুক্ত হয়নি। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতায় নিজের মেধা ও উদ্ভাবনী দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনের পাশাপাশি ২০২৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় জিতেছেন রৌপ্যপদক। এ ছাড়া থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জনের পাশাপাশি ‘বেস্ট পোস্টার’ ও ‘প্যানেলস চয়েস’ সম্মাননাও পেয়েছেন এই তরুণ উদ্ভাবক।

ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ার সন্তান নাবিলের এমন আন্তর্জাতিক সাফল্যে আনন্দিত ও গর্বিত তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী। তাঁদের মতে, সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে নাবিলের এই অর্জন দেশের অন্যান্য তরুণ শিক্ষার্থী ও রোবটিকসপ্রেমীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশেষ করে প্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনী গবেষণায় আগ্রহী নতুন প্রজন্মের কাছে তাঁর এই সাফল্য আত্মবিশ্বাস ও স্বপ্ন পূরণের প্রেরণা জোগাবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে আহনাফ বিন আশরাফ নাবিল আরও বড় আন্তর্জাতিক সাফল্য অর্জন করবেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম আরও সমৃদ্ধ করবেন।