সারাবিশ্ব

দুই জায়ের বিরোধে অতিষ্ঠ হয়ে স্ত্রীদের খুন, জঙ্গলে নিয়ে পুঁতে রাখলেন দুই ভাই


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

দুই জায়ের বিরোধে অতিষ্ঠ হয়ে স্ত্রীদের খুন, জঙ্গলে নিয়ে পুঁতে রাখলেন দুই ভাই
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় পারিবারিক বিরোধের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত দুই নারী সম্পর্কে জা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে দুই ভাই পরিকল্পিতভাবে তাদের স্ত্রীদের হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। হত্যার পর মরদেহ গোপন করতে অ্যাম্বুলেন্সে করে পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার দুই ভাইয়ের নাম শিবশঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের মধ্যে শিবশঙ্কর পেশায় একজন অ্যাম্বুলেন্সচালক। সোমবার (২৩ নভেম্বর) তারা নিজেদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। পরে হত্যার ঘটনা আড়াল করতে শিবশঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি ঝাড়খণ্ডের পাশের জেলা সিমডেগার একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে মাটি খুঁড়ে মরদেহ দুটি পুঁতে রাখেন তারা।

গুমলার পুলিশ সুপার হরিস বিন জামা জানান, নিহত দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মনোমালিন্য চলছিল। তাদের এই বিরোধ নিয়ে দুই ভাই দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে দুই নারী নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলেছিলেন এবং তাদের সম্পর্কও স্বাভাবিক হয়ে এসেছিল বলে পুলিশের তদন্তে জানা গেছে।

পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই ভাই প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তারা দাবি করেন, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে চলে গেছেন। কিন্তু পুলিশের দীর্ঘ সময়ের জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসংগতি ধরা পড়ে। একপর্যায়ে তারা দুই স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

পরে অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগা জেলার জঙ্গলে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। সেখানে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সুপার হরিস বিন জামা জানান, হত্যাকাণ্ডের দিন সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন। সে সময় তাদের কথাবার্তায় অস্বাভাবিক কিছু বুঝতে পারেননি পরিবারের সদস্যরা। সবকিছু স্বাভাবিক বলেই মনে হয়েছিল তাদের কাছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই তারা হত্যাকাণ্ডের শিকার হন বলে পুলিশের ধারণা।

এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং মরদেহ দুটি বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের পাশাপাশি তাদের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার পেছনে পারিবারিক বিরোধের ভূমিকা এবং হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের সংশ্লিষ্টতা তদন্ত করে দেখছে পুলিশ।