রাজধানী

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
ছবি: সংগৃহীত

রাজধানীর তিন এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিরপুর, বাড্ডা ও কালশী এলাকায় এসব ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশী এলাকায় চলন্ত অবস্থায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে চালক, সহকারী ও যাত্রীদের কেউ হতাহত হননি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১১ নম্বরের বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়।

এ ছাড়া একই রাতে ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডার মেরুল এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে সড়কে চলন্ত আলিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি।

সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীর তিন এলাকায় বাসে অগ্নিসংযোগের এসব ঘটনায় বাস চলাচল ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।