সারাদেশ
সারা রাত ছিলেন বাসে, ফজরের নামাজ পড়ে এসে দেখেন জ্বালিয়ে দিয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের তাপে পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রেস্টহাউসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির চালক মমিন হোসেন বুধবার রাতে বাসটি সড়কের পাশে নির্ধারিত স্থানে রেখে চলে যান। এ সময় বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। সারা রাত বাসের ভেতরে থাকার পর বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে পাশের একটি মসজিদে যান তিনি। নামাজ শেষে বাসের কাছে ফিরে এসে দেখেন, দাউদাউ করে জ্বলছে বাসটি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাসের বিভিন্ন অংশে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে তাঁর বাসটি পুড়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি নিশ্চিত নন।
এদিকে বাসে লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের ‘রাজু অটো’ নামের একটি দোকানেও। এতে দোকানটির সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। দোকানের মালিক ইউছুফ আলী বাবু জানান, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও দাবি করেন, ওই স্থানে বাস পার্কিং না করার জন্য আগেই চালককে নিষেধ করা হয়েছিল। তারপরও সেখানে বাসটি রাখা হয়েছিল।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁদের পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে ব্যবহৃত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অন্যদিকে, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বাসে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।