সারাদেশ
গোপালগঞ্জে বিকাশ-নগদের লেনদেন বন্ধ, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে ঝুলছে তালা
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিসগুলোর অধিকাংশ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, এক স্থান থেকে অন্য স্থানে অর্থ পাঠানো, লেনদেন ও বিভিন্ন বিল পরিশোধ করতে না পেরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট পয়েন্টের দোকান বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হচ্ছে না। একই সঙ্গে জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার ও ডিস্ট্রিবিউশন অফিসগুলোতেও তালা ঝুলতে দেখা গেছে। ফলে সকাল থেকে সেবা নিতে আসা অনেক গ্রাহককে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।
এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করতে চাওয়া গ্রাহকরা। বিশেষ করে চিকিৎসা, ব্যক্তিগত প্রয়োজন এবং ব্যবসায়িক লেনদেনের জন্য যাঁরা বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল, তাঁদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।
কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অপেক্ষমাণ ভুক্তভোগী গ্রাহক জিল্লুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে টাকা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন তিনি। এজেন্ট পয়েন্টে গেলে কোথাও সার্ভার বন্ধ, আবার কোথাও টাকা নেই বলে জানানো হচ্ছে। পরে কাস্টমার কেয়ারে এসে দেখেন সেটিতেও তালা ঝুলছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠানোর প্রয়োজন হলেও কোনোভাবেই তা করতে পারছেন না তিনি।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম জানান, গত বুধবার রাত থেকেই তাঁর বিকাশ অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করতে পারছেন না। এ বিষয়ে কল সেন্টারে যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো তথ্য বা কারণ জানতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে তাঁর মোবাইলে একটি বার্তা আসে। সেখানে লেখা ছিল, ‘দুঃখিত স্যার, আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’
তিনি বলেন, বিকাশের মাধ্যমেই তিনি নিয়মিত সব ধরনের আর্থিক লেনদেন করেন। তাঁর প্রয়োজনীয় অর্থের পুরোটাই বিকাশ অ্যাকাউন্টে রয়েছে। হঠাৎ করে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। নিজের টাকা থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে না পারায় দৈনন্দিন প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব জানান, তাঁদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেনের বড় একটি অংশ বিকাশ ও নগদের মাধ্যমে সম্পন্ন হয়। হঠাৎ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ হয়ে যাওয়ায় টাকা ক্যাশ আউট করতে পারছেন না তাঁরা। তবে কিছু মোবাইল নম্বরে এখনো লেনদেন চালু থাকায় সেগুলোর মাধ্যমে আপাতত সীমিত পরিসরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।
আরেক ভুক্তভোগী গ্রাহক কিশোর বালা মনে করেন, নিরাপত্তাজনিত শঙ্কা অথবা কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। তবে এ বিষয়ে গ্রাহকদের কাছে স্পষ্ট কোনো তথ্য না থাকায় তাঁদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, মোবাইল ব্যাংকিং সেবার কার্যক্রম বন্ধ থাকার কারণ জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। এ বিষয়ে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক এশিয়া পোস্টকে বলেন, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে পুনরায় সেবা চালু হতে পারে বলে জানান তিনি।
সেবা বন্ধ থাকায় জেলার সাধারণ গ্রাহক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নিজেদের অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহার করতে না পারা এবং সেবা বন্ধের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় গ্রাহকদের ভোগান্তি আরও দীর্ঘায়িত হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিকাশ ও নগদের স্বাভাবিক লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।